তৈরি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কা সত্যি করে সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর ওডিশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে। এর ফলে পূর্বাভাস মতো উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় দফায় দফায় ভারী বর্ষণ চলছে ও আগামী কয়েকদিন চলবে। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি ভয়ঙ্করভাবে চোখ রাঙাচ্ছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, গর্জন করছে রীতিমতো। যার ফলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তুমুল দুর্যোগ ধেয়ে আসছে বাংলায়। আজ সোমবার জেলায় জেলায় সতর্কতা (Weather Today) জারি করা হয়েছে। আকাশ মেঘলা, হচ্ছে বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও বদল হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এদিন জেলায় জেলায় বজবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হওয়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে।

কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় মঙ্গলবার পর্যন্ত কয়েক দফা মাঝারি থেকে ভারী বর্ষণ সম্ভব। নিম্নচাপের বেশি প্রভাব পড়বে এর দক্ষিণ পশ্চিম ভাগে ছত্তিশগড়ের উপর ও উত্তর ওডিশার অভ্যন্তরীণ অঞ্চলে। গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমুদ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। সোমবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে। একদিন দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট চলবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দুই একটি জায়গায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে দমকা হাওয়া ও বজ্রপাত। উত্তরবঙ্গের কথা বললে এদিন হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর,দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment