জালে ৩ কেজির রাজা ইলিশ, কত দামে বিক্রি হল শুনলে কপালে উঠবে চোখ

অনন্যা সরকার, কলকাতা: ইলিশের (Ilish) মরশুম এসে গেছে। বাজারে আসতে শুরু করেছে টাটকা সমুদ্রের মাছ। যদিও চাহিদার তুলনায় যোগান এবারে কম। তবে মাঝে মধ্যে ভাগ্য ভালো থাকলে জালে পড়ছে বড় ইলিশ। বাংলাদেশের হাতিয়ায় মেঘনা নদী থেকে এরকমই এক ‘রাজা ইলিশ’ জালে তুলেছেন মৎস্যজীবীরা। মাছটির ওজন প্রায় তিন কেজি। শনিবার চাঁদপুরের বড় স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রের পাইকারি বাজারে ২২ হাজার ৭৯৮ টাকায় (ভারতীয় মুদ্রায় ১৭,৫৯০ টাকা) বিক্রি হয়েছে এই বিশালাকার ইলিশ মাছটি। 

আবারও জালে ‘রাজা ইলিশ’

শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জাল ফেলে সুজন নামে এক মৎস্যশিকারী এই বিশাল আকারের ইলিশ মাছটিকে ধরেছেন। পরে ভালো দাম পাওয়ার আশায় মাছটিকে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আনা হয়। সেখান থেকে অনিক নামে ঢাকার এক মৎস্য ব্যবসায়ী ২২ হাজার ৭৯৮ টাকা (বাংলাদেশী মুদ্রা) দিয়ে মাছটি কেনেন। উচ্চমূল্যে মাছটিকে বিক্রি করতে পেরে খুশি মৎস্যজীবী। 

মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান মরসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। তবে দক্ষিণাঞ্চলের সাগর এবং উপকূলবর্তী নদীগুলিতে ইতিমধ্যেই ধরা দিতে শুরু করেছে ছোট-বড় আকারের ইলিশ। তবে ৩ কেজি ওজনের এত বড় ইলিশ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই বাজারে অনেকটাই বেশি দাম মেলে এই আকারের মাছের জন্য। 

আরও পড়ুনঃ তৈরি গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগামী কিছুদিনের মধ্যে বর্ষা বাড়ার সাথে সাথে ইলিশের যোগানও বাড়বে। তবে বর্তমানে ক্রেতাদের চাহিদা বেশি এবং সরবরাহ সীমিত থাকার কারণে বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া। সেখানে বড় ইলিশের দাম তো মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। 

Leave a Comment