বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ড সিরিজ চলাকালীন হঠাৎ দিল্লি হাইকোর্টের (Delhi High Court)দ্বারস্থ হলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য অভিষেক শর্মা (Abhishek Sharma)। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অভিষেকের মানহানি করা হয়েছে! শুধু তাই নয়, কিছু ছবিকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করে সমাজ মাধ্যমে আপলোড হওয়া ছবিগুলি পুরোপুরি মুছে ফেলার আবেদন জানিয়ে আইনজীবী মারফত আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক।
অভিষেকের মামলার শুনানিতে যা জানালো আদালত
ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মার আইনজীবীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শুনানি হয় দিল্লি হাইকোর্টের বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে। এদিন অভিষেকের আইনজীবীর বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে অভিষেকের কিছু ছবিকে বিকৃত করা হয়েছে। পোস্টারগুলির একটিতে দেখানো হয়েছে অভিষেক শর্মা একজনের কাঁধে মাথা রেখে কাঁদছেন। সবচেয়ে বড় কথা, অভিষেকের ম্যানেজারকে তাঁর প্রেমিকা হিসেবে দেখানো হয়েছে ওই ছবিতে। আর এই প্রতিটি ছবি সম্পূর্ণ AI দ্বারা তৈরি। ভারতীয় ক্রিকেটারের আইনজীবীর দাবি, এই ধরনের ছবি অভিষেক শর্মার মানহানির জন্য যথেষ্ট! ছবিগুলিতে যা দেখানো হয়েছে সবটাই অসত্য এবং AI দ্বারা তৈরি। তাই যত দ্রুত সম্ভব এই ধরনের ছবি ডিলিট করে দেওয়ার নির্দেশ দেওয়া হোক। আদালতের কাছে আবেদন জানানোর পাশাপাশি প্রমাণ হিসেবে ওই সব পোষ্টের স্ক্রিনশট জমা দিয়েছেন অভিষেকের আইনজীবী। তবে গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর বিচারপতি জ্যোতি সিং জানান, অভিষেক শর্মার দায়ের করা মামলার সাথে URL গুলির স্ক্রিনশট যুক্ত করা হয়নি। তাই প্রাসঙ্গিক তথ্য পরীক্ষা না করে কোনও আদেশ দেওয়া যাচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 9 জুলাই। বিচারপতির স্পষ্ট বক্তব্য ছিল, “এখানে বড়সড় গন্ডগোল হয়েছে। আপনি আপনার টেবিলের সাথে মিলিয়ে স্ক্রিনশট সহ একটি হলফনামা দাখিল করেছেন। তবে আপনি যা অভিযোগ করছেন বা যা দেখাচ্ছেন তার থেকে স্ক্রিনশট সম্পূর্ণ আলাদা। আমি এভাবে কোনও রায় দিতে পারি না।”
অবশ্যই পড়ুন: মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়াত জাতীয় দলের প্রাক্তন প্লেয়ার, শোকের ছায়া ক্রিকেটমহলে
এদিন আদালতের তরফে অভিষেক শর্মার আইনজীবীকে মামলার সাথে সম্পর্কিত বা যুক্ত থাকা টেবিলের সাথে সামঞ্জস্যপূর্ণ স্ক্রিনশটগুলি নথিভূক্ত করে অতিরিক্ত একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলাই যায়, নিজের অধিকার রক্ষা করতে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক শর্মা। তবে মামলায় করা অভিযোগের সাথে যথাযথ তথ্য প্রমাণ না পাওয়ায় এখনই কোনও সিদ্ধান্ত জানালো না আদালত।