সৌভিক মুখার্জী, কলকাতা: অ্যাপভিত্তিক বাইক এবং ট্যাক্সি পরিষেবা (App Cab Service) আরও নিয়ন্ত্রিত করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১ আগস্ট থেকে রাজ্যে বাইক বা ট্যাক্সি চালানোর ক্ষেত্রে চালকদের জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে। সেই নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দারাই বাইক বা ট্যাক্সি চালানোর অনুমতি পাবে। পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, এবং স্থানীয় ভাষা জানতে হবে বলেই জানানো হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রকের তরফ থেকে।
বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
সম্প্রতি মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনাইক বিধানসভায় বাইক ও ট্যাক্সি চালানোর ক্ষেত্রে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেই অনুযায়ী, র্যাপিডো, ওলা কিংবা উবেরসহ বিভিন্ন অ্যাপভিত্তিক বাইক, ট্যাক্সি পরিষেবায় যুক্ত হতে গেলে চালকদের ডোমিসাইল সার্টিফিকেট জমা দিতে হবে। অর্থাৎ, যারা শুধুমাত্র মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা তারাই এই সুবিধা পাবে। আর যারা এই রাজ্যের বাসিন্দা নন তারা নতুন নিয়ম অনুযায়ী বাইক বা ট্যাক্সি চালানোর অনুমোদন পাবে না।
পাশাপাশি নতুন নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত যোগ করা হয়েছে। জানানো হয়েছে, বাইক বা ট্যাক্সি চালকদের মারাঠি ভাষায় যোগাযোগ করার সক্ষমতা থাকতে হবে এবং ওই ভাষা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। সরকারের মতে, যাত্রীদের সঙ্গে সহজ যোগাযোগ আর পরিষেবার মান উন্নত করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে আপাতত এই নিয়ম শুধুমাত্র মহারাষ্ট্রের জন্যই প্রযোজ্য হচ্ছে। বাংলা সহ অন্যান্য রাজ্যের জন্য এরকম কোনও নিয়ম আনা হয়নি।
আরও পড়ুন: হঠাৎ হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শর্মা, কী হল টিম ইন্ডিয়ার ক্রিকেটারের?
রাজ্যটির পরিবহন মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে অ্যাপ ভিত্তিক বাইক ট্যাক্সির জন্য নতুন পারমিট ইস্যু করা হবে। বর্তমানে মহারাষ্ট্রে লক্ষ লক্ষ বাইক বা ট্যাক্সি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিষেবা দিয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত এই পরিষেবার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মের অভাব নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু নতুন নীতিমালার মাধ্যমে সেই পরিস্থিতি বদলাতে চাইছে রাজ্য সরকার। এমনকি নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি বাইক বা ট্যাক্সি অপারেটরকে প্রতিদিন ৫ টাকা করে সরকারি ফি জমা দিতে হবে। সরকার জানিয়েছে, এই অর্থের একটি অংশ ওয়েলফার ফান্ডে জমা হবে, এবং তা জনকল্যাণমূলক কাজেই ব্যবহার করা হবে।