অনন্যা সরকার, কলকাতা: বুকিং বাতিল করা নিয়ে নয়া নিয়ম আনল ইন্ডিয়া পোস্ট (India Post)। বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, অনলাইন বা সরাসরি পোস্ট অফিসের বুকিং বাতিল করলে ডাক মাশুল (Postage) ফেরত (Refund) দেওয়া হবে। অর্থাৎ, এখন থেকে কেউ যদি তাঁর অনলাইন বা পোস্ট অফিসের সরাসরি বুকিং বাতিল করেন, তাহলে তাঁকে টাকা ফেরত দেওয়া হবে। তবে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলি কী, আসুন জেনে নিই।
পোস্ট অফিসের বুকিং ক্যান্সেল করলে মিলবে রিফান্ড
ইন্ডিয়া পোস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই ডাক সামগ্রী বুক করেন, তাঁরা পোস্ট অফিস সামগ্রীটি গ্রহণ করার আগেই তাঁদের বুকিং বাতিল করেন, তাহলে তাঁরা পোস্টেজ ফেরতের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে, ডাকঘরের কাউন্টারে বুক করা আইটেমের ক্ষেত্রে, প্রেরক ডাকঘরে বাতিলের জন্য অনুরোধ করতে পারেন, অথবা ভুল তথ্য দেওয়ার কারণে ডাকঘর একই দিনে বুকিংটি বাতিল করে দিতে পারে।
তবে ডাক বিভাগ কর্তৃক বিভিন্ন সময়ে জারি করা প্রশাসনিক নির্দেশাবলী অনুসারে, বাতিল হওয়া ডাক সামগ্রীর জন্য পোস্টেজ ফেরত দেওয়া হবে। নয়া নিয়ম অনুযায়ী, সার্ভিস স্থগিত করা হলে প্রেরক পোস্টেজ, বিশেষ ট্যাক্স এবং এয়ার সারচার্জ ফেরত পেতে পারবেন। এছাড়া প্রশাসনের জারি করা নির্দেশাবলী অনুযায়ী, কোনো দায়বদ্ধ আন্তর্জাতিক ডাক সামগ্রীর প্রেরক, যেকোনো কারণে বুকিং অফিস থেকে সামগ্রীটি ফেরতের জন্য অনুরোধ করতে পারবেন।
আরও পড়ুন : মিলবে ১ লক্ষ টাকা, এই জেলার ৩৫ হাজার মহিলাকে লাখপতি বানাবে সরকার
নোটিফিকেশন অনুসারে, কোনো দায়বদ্ধ আন্তর্জাতিক ডাক সামগ্রীর প্রাপক পোস্টেজ দিয়ে ডেলিভারি অফিস থেকে সামগ্রীটি অন্য ঠিকানায় পাঠাতে পারবেন। তবে, নতুন ঠিকানাটি যদি একই ডাকঘরের ডেলিভারি এলাকার মধ্যে থাকে, তাহলে কোনো অতিরিক্ত চার্জ লাগবে না। নয়া নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্রেরকরা বিদেশের গন্তব্যে পাঠানো ডাকসামগ্রী ফেরত আনা বা সেগুলোকে রিডাইরেক্ট করতে পারবেন, তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ডাক বিভাগের নিয়মাবলী এবং তৎকালীন কার্যকর প্রশাসনিক নির্দেশগুলি অনুসরণ করতে হবে।