বেআইনি বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গুজরাতের আহমেদাবাদের এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Firecracker Factory Blast)। জানা গিয়েছে, আহমেদাবাদের মাহমুদপুরা এলাকার গেট রোডের পাশে অবস্থিত ট্যালেন্ট ফায়ারওয়ার্কস কারখানায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। আর সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 8 জনের। আহত হয়েছেন কমপক্ষে 15 জন। সূত্রের খবর, পুরোপুরি বেআইনিভাবে চলছিল ওই বাজির কারখানা। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে।

কীভাবে ঘটল ভয়াবহ বিস্ফোরণ?

স্থানীয় সূত্রে খবর, আহমেদাবাদের ওই কারখানাটি সম্পূর্ণ বেআইনিভাবে চালানো হচ্ছিল। শনিবার ওই কারখানায় কোনওভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর তারপরেই কারখানার ভেতর থেকে বেশ কয়েকবার বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দমকল কর্তৃপক্ষকে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বর্তমানে ওই ইঞ্জিনগুলির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 8 জনের। এছাড়াও আহত 15 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

অবশ্যই পড়ুন: “…. আমি আর থাকব না” এবার মমতাকে হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

ঠিক কীভাবে ওই বাজির কারখানায় আগুন লাগলো তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, ট্যালেন্ট ফায়ারওয়ার্কস কারখানাটি মেহুল দোদিয়া নামক এক ব্যক্তি পরিচালনা করতেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন আহমেদাবাদের মেয়র থেকে শুরু করে পৌর কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। বর্তমানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment