সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল বিরাট খবর। এবার রেলের (Indian Railways) তরফে বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের টিকিট চেকিংয়ের সময় যাত্রী এবং টিটিইদের মধ্যে প্রায়শই তর্ক-বিতর্ক ও বিবাদের খবর পাওয়া যায়। অনেক ক্ষেত্রে, কার দোষ ছিল তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তবে আর চিন্তা নেই, কারণ এবার ভারতীয় রেল এই সমস্যার একটি নতুন সমাধান খুঁজে পেয়েছে। শীঘ্রই টিটিইরা ক্যামেরার মাধ্যমে যাত্রীদের ট্রেনের টিকিট পরীক্ষা করতে পারবেন।
রেলে টিকিট পরীক্ষায় বড় বদল!
এক রিপোর্ট অনুযায়ী, ট্রেনের টিটিইরা তাদের ইউনিফর্মে বডি ক্যামেরা পরে টিকিট চেক করতে পারবেন। এই উদ্যোগটি উত্তর মধ্য রেল গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে, এটি একটি পাইলট প্রকল্প হিসাবে বাস্তবায়িত হবে। ইতিবাচক সাড়া মিললে, পরবর্তীকালে এটি অন্যান্য রুট এবং ট্রেনেও প্রয়োগ করা হতে পারে। উত্তর মধ্য রেল টিকিট পরীক্ষক কর্মীদের শরীরে পরিধানযোগ্য ক্যামেরা সরবরাহ করবে। এই ক্যামেরাগুলো টিকিট পরীক্ষার সময় ভিডিও এবং অডিও উভয়ই রেকর্ড করবে। এর মানে হলো, টিকিট পরীক্ষার সময় ঘটা প্রতিটি কথোপকথন বা ঘটনা সম্পূর্ণরূপে রেকর্ড করা হবে।
কী কী ফিচার থাকবে ক্যামেরাটিতে?
এখন প্রশ্ন উঠতেই পারে এই বিশেষ ক্যামেরাটিতে কী কী ফিচার থাকতে পারে? এতে HD Video Recording, অডিও রেকর্ডিং, নাইট ভিশন, ব্যাটারি ব্যাকআপ এবং টেম্পার প্রুভ রেকর্ডিং সিস্টেমের মতো উপকারী ফিচার থাকবে বলে খবর। ইতিমধ্যে বেশ কিছু ট্রেনে এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। রেল কর্তাদের মতে, ট্রেন নম্বর ১২৪১৭/১২৪১৮ প্রয়াগরাজ এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১২৪৫১/১২৪৫২ শ্রম শক্তি এক্সপ্রেস যেটি কানপুর-নয়াদিল্লি-কানপুর রুটে চলে সেটায় প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ফের ভারতের উপর ১০% শুল্ক চাপাল আমেরিকা, তালিকায় বাংলাদেশ-পাকিস্তানও
রেল আশাবাদী, এই প্রকল্পের ফলে আগামী দিনে সাধারণ যাত্রী থেকে শুরু করে টিটিই রা লাভবান হবেন। বর্তমানে কর্মীদের ৩০টি ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং উভয় ট্রেনের কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন। উত্তর মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা ডঃ শিবম শর্মা বলেন, “এই নতুন উদ্যোগটি যাত্রীদের আরও নিরাপদ এবং স্বচ্ছ ভ্রমণের অভিজ্ঞতা দেবে। এটি টিকিট চেকিং ব্যবস্থাকেও আরও আধুনিক, কার্যকর এবং নির্ভরযোগ্য করে তুলবে।” ওই কর্মকর্তার মতে, এই পাইলট প্রকল্পটি সফল হলে, এটি পর্যায়ক্রমে উত্তর মধ্য রেলওয়ের অন্যান্য ট্রেনেও বাস্তবায়ন করা হবে।