অনায়াসে দাঁড়াতে পারবে ২৬ বগির ট্রেন, জানুন হাওড়ার নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মের বিশেষত্ব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে খুলে গেল হাওড়ার (Howrah Railway Station) নতুন 24 নম্বর প্ল্যাটফর্ম। যাত্রী ভোগান্তি দূর করতে নতুন প্ল্যাটফর্মটি তৈরি করেছে ভারতীয় রেল। ইস্টার্ন রেলওয়ের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, 27 জুলাই অর্থাৎ সোমবার সকাল সকাল হাওড়া স্টেশনের নতুন প্ল্যাটফর্মটিতে শুরু হবে যাত্রী পরিষেবা। সেই মতোই, সকাল 9টা 10 মিনিটে ধৌলি এক্সপ্রেস প্ল্যাটফর্মটিতে এসে দাঁড়াতেই আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে যায় বৃহৎ প্ল্যাটফর্মের। এখন প্রশ্ন, হাওড়ার এই নতুন প্ল্যাটফর্মের বিশেষত্ব কী?

হাওড়া নতুন প্ল্যাটফর্মের বিশেষত্ব কী?

ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন হাওড়া। প্রতিদিন এই স্টেশন দিয়েই 900 এর বেশি ট্রেন যাতায়াত করে। দৈনিক এই স্টেশনে 10 লাখেরও বেশি যাত্রীর আনাগোনা আছে। এহেন বড় স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মটি ছিল এতদিন সবচেয়ে বড়। তবে স্টেশনের বাকি প্ল্যাটফর্মগুলির উপর থেকে কিছুটা চাপ কমাতে এবং যাত্রীদের সুবিধার্থে 24 নম্বর প্ল্যাটফর্ম তৈরির কাজে হাত লাগিয়েছিল রেল।

শেষমেষ সোমবার উদ্বোধন হয়ে গেল হাওড়ার বর্তমানের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম 24 নম্বর প্ল্যাটফর্মের। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 635 মিটার। এক কথায় বলা যেতে পারে, 26 বগির ট্রেন অনায়াসে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারবে। পুরো ট্রেন সেট হয়ে যাবে এই একটি প্ল্যাটফর্মেই। যাত্রীরাও আরামে এই প্ল্যাটফর্মে ওঠানামা করতে পারবেন। আর পাঁচটা প্ল্যাটফর্মের মতোই 24 নম্বর প্ল্যাটফর্মটিতেও পর্যাপ্ত আলো থেকে শুরু করে ফ্যান, জলের ট্যাপ, টয়লেট সহ যাবতীয় সুবিধে দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: জিম্বাবুয়ে সিরিজে অভিষেক শর্মাকে মাঠেই টিকতে দেননি এই KKR পেসার

প্রসঙ্গত, হাওড়া রেল ডিভিশন সূত্রে খবর, নতুন 24 নম্বর প্ল্যাটফর্মটি তৈরি করতে ভারতীয় রেলের মোট খরচ পড়েছে 2 কোটি 69 লাখ টাকা। আপাতত এটাই হাওড়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলেও অধিক দৈর্ঘ্যের ট্রেন দাঁড় করানোর জন্য 10-11, 12-13 এমনকি 16 নম্বর প্ল্যাটফর্মেরও কাজ চলছে। মাঝেমধ্যেই সেই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে যাচ্ছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Comment