অসম বিহারের পর বাংলা, NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তুলবে রাজ্য সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: নিট প্রশ্ন ফাঁস (NEET Protest) কাণ্ডে এবার নয়া মোড়, বিহার এবং আসামের পর এবার প্রশ্নফাঁসের প্রতিবাদে সরব আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করে নিল শুভেন্দু অধিকারীর সরকার (Suvendu Adhikari Withdraws Cases)। ইতিমধ্যেই একের পর এক আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে কি এবার যুব সমাজের চমকানিতে খানিকটা থমকে গেল বিজেপি সরকার?

মামলা খারিজ অসম এবং বিহারে

কেন্দ্রিয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নিট আন্দোলনে প্রতিবাদীদের গ্রেফতারের মামলা নিয়ে গর্জে উঠেছিল ককরোচ জনতা পার্টি। তাঁদের স্পষ্ট দাবি ছিল FIR প্রত্যাহার না করলে CJP পুনরায় আরও বড় কর্মসূচি ও ধর্না শুরু করবে। আর এই হুঁশিয়ারির পরই একের পর এক বিজেপি শাসিত রাজ্যে ধৃতদের মুক্তি দেওয়ার ঘোষণা করা হয়েছে। গতকাল, সোমবার সন্ধ্যায় বিহার সরকারের পদক্ষেপের পর অসমেও আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত FIR খারিজ করে নেওয়া হয়। অসমে রুজু হওয়া ৫টি মামলায় ধৃত ১৩ জন বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে চার দফা নির্দেশিকা জারি করা হয়। আর এবার তাঁদের নেওয়া সিদ্ধান্তই নিজের রাজ্যে চালিত করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একই পথে হাঁটলেন শুভেন্দু অধিকারীর সরকার

নিট কাণ্ড নিয়ে গত শুক্রবার, কলকাতায় ধর্মতলায় একটি প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। মিছিলে যোগ দেওয়া বিক্ষোভকারীদের একাংশের তাণ্ডবে বেশ কয়েকজন সংবাদকর্মীও আক্রান্ত হয়েছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় গতকাল, সোমবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে, ধর্মতলার মিছিলে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে লোক এনে অশান্তি পাকানো হয়েছিল। তদন্তে নেমে পুলিশ এমন অন্তত ৭০ জনকে চিহ্নিত করে, যাঁরা কোনওভাবেই ছাত্র প্রতিনিধি নন। কিন্তু তবুও এই পদক্ষেপে কোনো কাজ হল না।

আরও পড়ুন: এবার রাজ্য সড়কেও দিতে হবে টোল ট্যাক্স, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

ধর্মতলায় বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করা হলেও, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারও আটকে রাখা ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে মামলা প্রত্যাহারের পথেই হাঁটতে চলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে রাখা হবে না। তবে সাংবাদিক নিগ্রহের ঘটনায় সাংবাদিকদের দায়ের করা এফআইআর অনুযায়ী মামলা চালু থাকবে।

Leave a Comment