প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের রেশ কাটতেই রাজ্য থেকে আপাতত উধাও হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে একাধিক জেলায়। আজ সকাল থেকে দফায় দফায় একাধিক জেলায় হয়েই চলেছে বৃষ্টি। এইমুহুর্তে ভারী বৃষ্টির দৌড় থামলেও আগামীকাল (Weather Tomorrow) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলায়। আপাতত সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বিকেলেও থাকবে বৃষ্টির সম্ভাবনা
আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও মুহূর্তের মধ্যে অন্ধকার করে ঝেঁপে নামছে বৃষ্টি। আজ বিকেলের দিকেও একাধিক জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামীকালও বজায় থাকবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। রাজ্যের উপকূলবর্তী দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বৃষ্টির পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও পুনরায় মেঘলা করে ঝেঁপে নামতে পারে বৃষ্টি। তবে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই।
আরও পড়ুন: শিলিগুড়ি থেকে পাহাড় যাত্রায় মিলবে বড় স্বস্তি, দুই গুরুত্বপূর্ণ সড়কের দায়িত্ব নিল পূর্ত দফতর,
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল, বৃহস্পতিবার, মাঝারি বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বলে জানা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে বজ্র বিদ্যুৎ এর দাপট এবং ২০-৩০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট।