সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ জুলাই, বুধবার। অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) জাতীয় শিক্ষানীতির আওতায় বাংলা
এবার পশ্চিমবঙ্গকেও জাতীয় শিক্ষানীতির আওতায় আনা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন। তিনি জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি মেনে আগামী দিন রাজ্যের স্কুলগুলিতে আধুনিক শিক্ষার সাথে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হবে। এর পাশাপাশি নতুন সরকারের আমলে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাবে। এমনকি তিনি জানিয়েছেন, ইতিমধ্যে উচ্চশিক্ষা বিভাগ আলাদা করা হয়েছে। কেন্দ্র সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করা আমাদের লক্ষ্য। পাশাপাশি স্কুলগুলির উন্নয়ন করার জন্য মোট ২৯৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৯) অভিষেকের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক অর্থাৎ সুমিত রায়ের বাড়িতে ফের পুলিশ। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে একযোগে বিষ্ণুপুর এবং বেহালা থানার পুলিশ হানা দিয়েছে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে। অভিষেকের পিএ সুমিতের বিরুদ্ধে অভিযোগ, তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানা এলাকায় সেবাশ্রয় বসানোর নাম করে একটি রিসোর্ট ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই রিসোর্টের ভাড়ার টাকা এখনও পর্যন্ত শোধ করা হয়নি। এমনকি আরও অনেক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
৮) আইআইটি খড়গপুরে কোয়ার্টার থেকে উদ্ধার অধ্যাপকের দেহ
ফের অস্বাভাবিক মৃত্যু আইআইটি খড়গপুরে। ক্যাম্পাস থেকে উদ্ধার হয়েছে এক অধ্যাপকের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন বছর ৩৬ এর দীপক রেড্ডি পুল্লাগুরম। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। জানা গিয়েছে, তিনি কর্মসূত্রে আইআইটির ক্যাম্পাসের ২ বিআর ১৪ নম্বর কোয়ার্টারে থাকতেন। তবে শেষে দুপুর সাড়ে বারোটা নাগাদ নিরাপত্তারক্ষীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর দেহ উদ্ধার করে।
৭) ডেঙ্গু সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ পোশাক পড়ুয়াদের
ডেঙ্গু সংক্রমণ থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার জন্য এবার বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। জানা যাচ্ছে, ছেলে এবং মেয়ে উভয় পড়ুয়াদের এরকম পোশাক পরানোর পরিকল্পনা করা হতে চলেছে, যেখানে পা সম্পূর্ণ ঢাকা থাকে। বুধবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় নিজেই এ কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রতি বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ছয় মাস ছেলেদের পরতে হবে ফুল শার্ট এবং প্যান্ট। স্কার্ট থাকলেও মেয়েদেরকে পা ঢাকা রাখতে হবে। এর মূল উদ্দেশ্য মশার কামড় থেকে পড়ুয়াদের বাঁচানো। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
৬) লোকসভায় পাশ হল প্রশ্নফাঁস বিরোধী বিল
অবশেষে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ হল অ্যান্টি পেপার লিক বিল বা প্রশ্নফাঁস বিরোধী বিল। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত ছিল গোটা দেশ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন যে, এই বিল পাশ করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এদিন বিরোধীরা এই বিল নিয়ে বিরোধিতা করতে ছাড়েন না। যদিও শেষে ধ্বনি ভোটের মাধ্যমে তা পেশ করা হয়েছে। এই বিলের আওতায় প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে যুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ ১০ বছর কারাদন্ড এবং ১০ কোটি টাকা জরিমানা করা হবে। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
৫) সরকারি কর্মচারীদের বদলি নিয়ে বড় নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের
এবার আরও এক বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। নিজের জেলায় পোস্টিং থেকে শুরু করে একই পদে দীর্ঘদিন কর্মরত অফিসারদের বদলি বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এমনকি স্বাস্থ্য দফতরের করা বদলি নীতি কার্যকর করে ফেলেছে নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোনও সরকারি কর্মচারী, আধিকারিক বা কর্মকর্তা সাধারণ নিয়মে নিজের জেলায় কিংবা বাড়ির কাছে পোস্টিং পাবে না। এমনকি দীর্ঘদিন ধরে একই পদে কাজ করার বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এক্ষেত্রে একজন সরকারি অফিসার নির্দিষ্ট পদে একটানা তিন বছর নিজের কর্মজীবন সম্পন্ন করলে তাকে বদলি করা হবে। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
৪) হাইকোর্টের অনুমতি না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
বিদেশ যাত্রার জন্য হাইকোর্টে অনুমতি চেয়েছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন যে, একান্তই চোখের চিকিৎসা করাতে হলে এসএসকেএম হাসপাতাল থেকে আগে চোখ দেখাতে হবে এবং ডাক্তারের প্রেসক্রিপশন আদালত জমা দেওয়ার পর পর্যালোচনা করা হবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেসক্রিপশন জমা দিয়েছিলেন সেখানে ডাক্তারের কোনও ঠিকানা বা রেজিস্ট্রেশন নম্বর ছিল না। সেই কারণে হাইকোর্ট তাঁর আবেদন বাতিল করে। তবে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
৩) বাংলার জন্য ৭০ হাজার টাকা বরাদ্দ কেন্দ্রের
রাজ্যের নতুন সরকার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গকে একেবারে ঢেলে সাজাচ্ছে। তবে এবার বাংলার জন্য মোট ৭০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি উত্তরবঙ্গকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে গতকাল শিলিগুড়ির এক সভা থেকে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, রাজ্যের উন্নয়নের ঘাটতি মেটানোর জন্য নরেন্দ্র মোদির সরকার ৭০ হাজার কোটি টাকার একটি আর্থিক সাহায্য দিচ্ছে। বিগত বছরগুলিতে উত্তরবঙ্গ বারবার অবহেলার শিকার হয়েছিল। কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের আওতায় সবদিক থেকে উন্নয়ন হবে। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
২) অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা
অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা দিল পুলিশ। সূত্রের খবর, বীরভূমের বিখ্যাত ব্যবসায়ী টুলু মন্ডলের এক ঘনিষ্ঠ আত্মীয়র বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধার করেছে। এমনকি সেই সোনার পরিমাণ ৮ থেকে ১০ কেজি এবং টাকার পরিমাণ বলতে গেলে ৩০ থেকে ৩২ কোটি। সবথেকে বড় ব্যাপার, এই টুলু মন্ডলের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতা দীর্ঘদিনের। কিন্তু রাজ্যে সরকারের পালাবদলের পরেই সামনে এল দুর্নীতি। কোথা থেকে এত টাকা আসলো সেই সম্পর্কে এখনও কোনও তথ্য উঠে আসেনি। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
১) মমতার দেওয়া পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী
এবার পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার। সবথেকে বড় ব্যাপার, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁকে এই পদে বসিয়েছিলেন। এরপর ২০২৫ সালের মার্চ মাসে তথ্য কমিশনার পদে সরকার মনোনীত দুই ব্যক্তিকে সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময় তথ্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সঞ্চিতা। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়লেন। যদিও এ বিষয়ে এখনও কারণ জানা যায়নি। বিস্তারিত পড়তে—এখানে ক্লিক করুন
West Bengal, Birbhum, Lok Sabha, Abhishek Banerjee, Suvendu Adhikari