নেপালে চরমে উঠল সাম্প্রদায়িক অশান্তি, ভারত সীমান্তের কাছে নিহত একাধিক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সংঘাতে উত্তাল নেপালের দক্ষিণাঞ্চল (Nepal Riot)! সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামে বিরাট বাহিনী। কিন্তু তা সত্ত্বেও সংঘাতে জড়ায় দু’পক্ষ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সাম্প্রদায়িক সংঘাতের ঘটনাটি ঘটেছে ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার মধেসি অঞ্চলে। এই ঘটনায় ইতিমধ্যেই গোটা এলাকাজুড়ে জারি হয়েছে কারফিউ। শুধু তাই নয়, 24 ঘন্টা গোটা এলাকা পরিদর্শন করছে সেনাবাহিনী।

ভারতীয় সীমান্তের কাছে কীভাবে বাঁধল হিন্দু মুসলিম দাঙ্গা?

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, শ্রাবণ মাসের পবিত্র তিথিতে বোল বাম যাত্রা উপলক্ষ্যে কোশি ব্যারেজ থেকে জল নিয়ে ফিরছিলেন ভক্তরা। ডিজে বক্সিং গান বাজিয়ে গেরুয়া পতাকা নিয়ে মিছিল করার সময় হঠাৎ বাধা দেন কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। ধীরে ধীরে তা পরিণত হয় বচসায়। শেষ পর্যন্ত দুপক্ষের বচসা থেকে সরাসরি সংঘাতে জড়িয়ে যায় হিন্দু এবং মুসলিম ধর্মাবলম্বীরা। যে ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের।

নেপালের কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, দাঙ্গা আটকাতে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে গুলি চালালে শুরু করে পুলিশ। আর সেই গুলিতেই মৃত্যু হয় দুজনের। অন্যদিকে কারফিউ চলাকালীন গত বৃহস্পতিবার পাশের একটি জেলায় বিক্ষোভে অংশ নিয়ে মৃত্যু হয় আরও একজনের। আর তারপরেই দাঙ্গার ঘটনা নিয়ে মুখ খুলেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ।

অবশ্যই পড়ুন: ISL থেকে নাম তুলে নিল জামশেদপুর এফসি, কারণ জানলে কষ্ট হবে!

জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, “আমি সরকারের পক্ষ থেকে সমস্ত নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায় থেকে শুরু করে সমস্ত পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাতৃত্ব এবং জাতীয় ঐক্য বজায় রাখার অনুরোধ করছি।” একই সাথে গোটা ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।

Leave a Comment