‘ডিম ছুড়তেই ভয়?’ রক্ষাকবচ না দিয়ে মহুয়াকে থানায় হাজিরার নির্দেশ সুপ্রিম কোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোটে ভরাডুবির পরেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ডিমের আঘাত খেয়ে চলেছেন। তবে এবার ডিম থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) একেবারে ঘাড়ধাক্কা দিল দেশের সর্বোচ্চ আদালত। সশরীরেই সাংসদকে থানায় হাজিরা দিতে হবে বলে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। ভার্চুয়াল মাধ্যমে হাজিরার আবেদন এদিন খারিজ করে দিয়েছে আদালত। এমনকি সামান্য ডিমের আঘাতের সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের উদাহরণ টেনে আনেন বিচারপতি।

সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদন খারিজ

আসলে সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ উঠেছিল। নদীয়ার হোগলাবেড়িয়া থানায় লেখানো হয় অভিযোগ। যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্ট সাংসদকে রক্ষাকবচ দিয়েছে। ফলে আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তদন্তে সহযোগিতা করতে হবে বলেই জানিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এমনকি আগামী ১৪ আগস্ট মহুয়াকে সশরীরে থানায় হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়। কিন্তু এখানেই আপত্তি তৃণমূল সাংসদের। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি।

এদিন এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর ডিভিশন বেঞ্চে। কিন্তু সেখানে মহুয়ার আইনজীবী জানান, থানায় হাজিরা দিতে তাঁর মক্কেলের কোনও সমস্যা নেই। কিন্তু সেটি ভার্চুয়াল মাধ্যমে করা যায়। এই বক্তব্য শুনে বিচারপতির প্রশ্ন, “কেন, তিনি সাংসদ বলে?” উত্তরে আইনজীবী জানান, বিগত দিন ওই এলাকাতে তাঁর মক্কেলকে নিশানা করে ডিম ছোঁড়া হয়েছিল। এমনকি তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছিল বলেও জানান তিনি। থানায় হাজিরা দিতে গেলে আবারও এরকম বিশৃংখল পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই আশঙ্কা সাংসদের। সেই কারণেই তিনি ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে চাইছেন।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলেও ফের হাইকোর্টে সুমিত রায়, কী দাবি অভিষেকের পিএর?

সবটা শুনে বিচারপতি দত্তের স্পষ্ট মন্তব্য, “রাজনীতিতে যখন নেমেছেন তাহলে ডিমের ভয় কেন পাচ্ছেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো বুক পেতে লড়াই করে গুলি খেয়েছিলেন। সংসদদের সামান্য ডিম ছোঁড়ার মতো ঘটনাতে ভয় পাওয়া উচিত নয়।” বিচারপতির এই মন্তব্য শুনেই মহুয়ার আইনজীবী মামলা প্রত্যাহার করে নেন। যার কারণে আপাতত ১৪ আগস্ট ধর্মীয় অবমাননার মামলায় মহুয়া মৈত্রকে সশরীরে থানায় হাজিরা দিতে হচ্ছে। এমনকি তদন্তে সহযোগিতা করতে হবে। ভার্চুয়াল শুনানির আবেদন কার্যত খারিজ সুপ্রিম কোর্টে।

Leave a Comment