ভারতে প্রথম কোথায় এসেছিল বিদ্যুৎ? জানলে অবাক হবেন

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে বিদ্যুৎ ছাড়া জীবনযাপন করা খুবই অসম্ভব ব্যাপার। কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিস চলে ইলেকট্রিকের (Electricity) মাধ্যমে। কিন্তু একটা সময় এমন ছিল যে অন্ধকার দূর করার জন্য ব্যবহার করা হত কেরোসিন, আগুন। তবে আজ যুগের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক ইলেক্ট্রিক ডিভাইস চালু হচ্ছে। কিন্তু জানেন কি এই বিদ্যুৎ পরিষেবা ভারতে (India) কবে এসেছিল (General Knowledge)? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

বিদ্যুৎ পরিষেবা ভারতে কবে এসেছিল?

ভারতে প্রথম বিদ্যুৎ জ্বলে উঠেছিল ১৮৭৯ সালে কলকাতায়। তখন ছিল ব্রিটিশ আমল। জানা গিয়েছে ওই বছর ২৪ জুলাই, পি. ডব্লিউ. ফ্লেউরি অ্যান্ড কোম্পানি এই শহরে বৈদ্যুতিক আলোর প্রথম আয়োজন করেছিল। তেল বা আগুন ছাড়াই একটি কাঁচের গোলকের মধ্য দিয়ে রাস্তায় আলোয় জ্বালানো হয়েছিল। তখন ব্রিটিশদের এই চমক দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিল। তবে, দেশে বিদ্যুতের প্রথম বাণিজ্যিক ব্যবহার ঘটে ১৮৮১ সালে কলকাতার ম্যাকিনন অ্যান্ড ম্যাকেঞ্জি কটন মিলে। সেই মিলে ৩৬টি বাল্ব জ্বালায় ‘দে শীল অ্যান্ড কোম্পানি’, তাও সেটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।

বিদ্যুৎ সরবরাহের জন্য ২১ বছরের বরাত

ব্রিটিশ আমলে কলকাতা ছিল ইংরেজদের কাছে এক গুরুত্বপূর্ণ শহর তাই এই শহরে বিদ্যুতের আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৮৯৫ সালে তৈরি করা হয়েছিল ক্যালকাটা ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট। ১৮৯৭ সালের ৭ জানুয়ারি ইংল্যান্ডের ‘দি ইন্ডিয়ান ইলেক্ট্রিক কোম্পানি লিমিটেড’-এর পক্ষে ‘কিলবার্ন অ্যান্ড কোম্পানি’ কলকাতায় বিদ্যুৎ সরবরাহের লাইসেন্স পায়। ৫৬৭ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য ২১ বছরের বরাত দেওয়া হয়েছিল। আর এই বৈদ্যুতিন বাল্ব স্থাপনের ফলে রাতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পেরেছিল কলকাতা।

তখন বিদ্যুতের দাম কত ছিল?

কলকাতায় যখন আলোর ব্যবস্থা করা হয়েছিল তখন সেই সময়ে, দূর-দূরান্তের মানুষ গরুর গাড়িতে চড়ে এই বৈদ্যুতিক বাতিগুলো দেখতে আসত এবং ঘণ্টার পর ঘণ্টা খুঁটিগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকত। প্রথম বিদ্যুতের আলো জ্বলে হ্যারিসন রোডে, যেটা বর্তমানে মহাত্মা গান্ধি রোড নামে পরিচিত। তখন কলকাতায় বিদ্যুতের দাম ছিল প্রতি ইউনিট এক টাকা। এর পরে, ১৮৯৭ সালে ব্রিটিশরা দার্জিলিংয়ের কাছে সিদ্রাপং-এ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে, যা পার্বত্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত। মাত্র দুই বছর পর, ১৮৯৯ সালে, কলকাতায় দেশের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রও স্থাপিত হয়।

আরও পড়ুন: জানেন কোন পাহাড়ি এলাকাকে দক্ষিণ ভারতের ‘কাশ্মীর’ বলে?

প্রসঙ্গত, ১৯৩৩ সালে CESC-র সদর দফতর ছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউস। এরপর ১৯৭০ সাল কোম্পানির নিয়ন্ত্রণ কলকাতার হাতে চলে যায় এবং ১৯৭৮ সালে নাম বদলে হয় ‘দ্য ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেড’। এরপর ১৯৮৯ সাল থেকে কলকাতায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নেয় রমাপ্রসাদ গোয়েঙ্কার RPG GROUP, যেটি নাম বদলে রাখা হয়েছে ‘CESC লিমিটেড’।

Leave a Comment