পঞ্চম থেকে অষ্টমে ফের চালু পাশ-ফেল? বিশেষজ্ঞ কমিটি গড়ছে রাজ্য সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: পঞ্চম, অষ্টম শ্রেণিতে পাস-ফেল প্রথা (Pass And Fail System) ফেরাতে এবার রাজ্যে (West Bengal) নয়া বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে চলেছে বিজেপি সরকার, এমনই আপডেট দিলেন খোদ শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। বাম জমানায় ২০১০ থেকে ২০০৯ এ সর্বভারতীয় ‘শিক্ষার অধিকার আইন’ অনুযায়ী, পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা উঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ চালু করা হয়েছিল ‘নো-ডিটেনশন পলিসি’। এবার বিজেপি সরকার আসতেই পড়ুয়াদের (Student) শিক্ষার মান উন্নত করতে এবং ভবিষ্যৎ উজ্জ্বল করতে পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে পাশ ফেল প্রথা।

পড়ুয়াদের পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল

বাম সরকার, ছাত্র ছাত্রীদের জন্য অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দেওয়ার পিছনে এক অন্যতম যুক্তি নিয়ে এসেছিল। তাঁদের দাবি ছিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে যে সামাজিক লজ্জা, হীনমন্যতা ও মানসিক চাপের সৃষ্টি হতো, তা দূর করে একটি ভীতিমুক্ত ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলাই ছিল প্রধান উদ্দেশ্য। এমনকি বাম জমানায় প্রাথমিকে পাশ ফেল তুলে দেওয়া হয়েছিল। এই পদক্ষেপের মূল লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষায় স্কুলছুটের হার শূন্যে নামিয়ে আনা। এদিকে সেই পলিসি কার্যকর হতেই দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হচ্ছে এবং শিক্ষার সার্বিক মান নিম্নমুখী হচ্ছে। তাই নিয়ে একাংশ শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে অভিযোগ উঠে আসছে।

কী বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী?

একাধিক অভিযোগের পরেই ২০১৯-এ কেন্দ্রীয় সরকার আইনটি সংশোধন করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পুনরায় পাশ-ফেল ফেরানোর আইনি অধিকার রাজ্যগুলির হাতে তুলে দেয়। কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত এই বিষয়ে। তাই এবার রাজ্যে পড়ুয়াদের যাতে শিক্ষার মান সঠিক থাকে, সেই কারণে এবার তাই কোমর বেঁধে ময়দানে নামল রাজ্য সরকার। শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে স্কুলস্তরে পাশ ফেল ফিরছে না। তবে আগামী শিক্ষাবর্ষগুলিতে পাশ ফেল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, এবং তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: নতুন নিয়মে নিয়োগ, হাইকোর্টে জানিয়ে দিল SSC

শিক্ষা বিভাগ সূত্রের খবর, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাতে এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সিলেবাস কমিটি গঠিত হয়েছে। যার মধ্যে এই পাশ ফেল সংক্রান্ত কমিটিও রয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন নিয়ে নানা চিন্তাভাবনা করা হচ্ছে। এখন দেখার এই পাশ ফেল প্রথা পুনরায় কবে থেকে চালু হয়।

Leave a Comment