সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম বা ওল্ড পেনশন স্কিম (Old Pension Scheme) কি আবারও ফিরছে? এবার লোকসভায় মিলল আনুষ্ঠানিক বিবৃতি। আসলে রাজস্থান সহ পাঁচটি রাজ্য নতুন পেনশন স্কিম বা ইউনিফাইড পেনশন স্কিম থেকে বেরিয়ে পুরনো স্কিমে করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। সেই রাজ্যগুলি নীতিগত সিদ্ধান্ত বিবেচনা করে এবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করেছে কেন্দ্র সরকার।
ফিরছে পুরনো পেনশন স্কিম?
এদিন লোকসভায় দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী স্পষ্ট জানান, আপাতত পুরনো পেনশন স্কিম বা ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার কোনও প্রস্তাব কেন্দ্রের কাছে বিবেচনাধীন নেই। কারণ, এই পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনলে সরকারের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হবে। সম্প্রতি রাজস্থান, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং ছত্তিশগড় জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস থেকে বেরিয়ে পুরনো পেনশন ব্যবস্থায় ফেরার আবেদন জানিয়েছিল কেন্দ্র এবং পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির কাছে। তবে এখন এই ব্যবস্থা ফিরিয়ে আনার কোনও চিন্তাভাবনাই করছে না কেন্দ্র সরকার।
মন্ত্রী এদিন স্পষ্ট জানিয়েছেন, কোনও রাজ্য যদি পুরনো পেনশন ব্যবস্থায় ফিরতে চায় তাহলে সেটি তাদের নীতিগত বিষয়। কিন্তু সেই সিস্টেমে ফিরলেই যে নতুন পেনশন ব্যবস্থার আওতায় থাকা সমস্ত টাকা ট্রান্সফার করে দেওয়া সম্ভব হবে এমনটা নয়। কারণ, পেনশন বিধিতে এরকম কোনও নিয়ম নেই যে এনপিএস-এ জমে থাকা কর্মচারী কিংবা সরকারের অনুদান সেই পেনশন ব্যবস্থা থেকে বেরিয়ে গেলে সরাসরি রাজ্য সরকারের হাতে হস্তান্তর করা হবে। এটি করলে কেন্দ্রের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।
আরও পড়ুন: চালু হল ডেথ-বার্থ সার্টিফিকেটের পোর্টাল, নতুন শংসাপত্র দেবে কলকাতা পুরসভা
জানিয়ে রাখি, ২০২৫ সালে পুরনো পেনশন স্কিম বন্ধ করে চালু করা হয় নতুন পেনশন স্কিম বা এনপিএস। এর পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের জন্য চালু করা হয় ইউনিফাইড পেনশন স্কিম। কেন্দ্রের স্পষ্ট দাবি, এই পেনশন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা বজায় থাকবে এবং যোগ্য কর্মচারীদের জন্য অবসরের পর ন্যূনতম ১০ হাজার টাকা মাসিক পেনশন নিশ্চিত হবে। এমনকি মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিরিক্ত সুযোগ সুবিধা যুক্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু এই নতুন পেনশন স্কিম বন্ধ করে পুরনো পেনশন স্কিম চালু করার বা সেখানে ফিরে যাওয়ার কোনও প্রস্তাব আপাতত কেন্দ্র বিবেচনার আওতায় আনছে না।