লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ, ২৪ ঘণ্টাই মিলবে সামগ্রী! রাজ্যে চালু রেশন ATM পরিষেবা

সৌভিক মুখার্জী, কলকাতা: রেশন তোলার জন্য আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। রাজ্যে এবার চালু হল রেশন এটিএম (Ration ATM) পরিষেবা। অর্থাৎ, টাকা তোলার মতো এবার এটিএম-র মাধ্যমেই তোলা যাবে নিজের মাসিক রেশন। তবে সেক্ষেত্রে রেশন দোকানে যেমন বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী তুলতে হয়, এই এটিএম-এও একই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অর্থাৎ, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকার পাশাপাশি সাধারণ মানুষকে আর ঝামেলা পোহাতে হবে না।

রাজ্যে চালু হল রেশন এটিএম পরিষেবা

প্রথমেই জানিয়ে রাখি, এই সুবিধা চালু করা হয়েছে ছত্তিশগড় রাজ্য সরকারের তরফ থেকে। আসলে রাজ্যের গণবন্টন ব্যবস্থাকে আরও আধুনিকীকরণ এবং স্বচ্ছ করার জন্যই এই উদ্যোগ। এতে প্রতি মাসে ভর্তুকি যুক্ত খাদ্যশস্য পাওয়া গ্রাহকদের কাছে আরও দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠবে। বিশেষ করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। যখন খুশি তখন গিয়েই এটিএম-র মাধ্যমে নিজের রেশন সামগ্রী তুলে আনা যাবে। প্রাথমিকভাবে রায়পুরের বীরগাঁও এলাকায় ‘অন্নপূর্তি গ্রেইন এটিএম’ নামের এই পরিষেবা চালু করা হয়েছে। ধাপে ধাপে তা গোটা রাজ্যজুড়ে চালু হবে।

এটি অনেকটাই ব্যাংকের এটিএম-র মতোই কাজ করবে। এমনকি বড় ব্যাপার, ২৪ ঘণ্টা উপলব্ধ থাকবে এই পরিষেবা। অর্থাৎ আপনার যখন খুশি, তখন গিয়েই এটিএম-র মাধ্যমে রেশন সংগ্রহ করতে পারবেন। তবে সেক্ষেত্রে সুবিধাভোগীর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমেই তাঁর জন্য নির্ধারিত চাল, গম কিংবা অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে। আর বায়োমেট্রিকের জন্য শুধুমাত্র আঙুলের ছাপ ব্যবহার করা যাবে এই এটিএম পরিষেবায়।

আরও পড়ুন: সবাই পাবেন আবাসের পাকা ঘর, ২৪ ঘণ্টার মধ্যেই করুন মেইল

এক্ষেত্রে উল্লেখ্য, এই এটিএম-র ধারণক্ষমতা রাখা হয়েছে ২৫০০ কিলোগ্রাম। খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে আবার অটোমেটিক তা রিফিল হবে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মজীবী মানুষদের জন্য এই পরিষেবা বিশেষভাবে উপকারে আসবে। কারণ অনেকের কাছে সময় বরাদ্দ করে রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়ানো ঝামেলা হয়ে দাঁড়ায়। এমনকি এই উদ্যোগ কেন্দ্রের ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থার আওতায় পরিচালিত হচ্ছে বলেই খবর। তবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে চালু হবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আপাতত এটিকে পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হয়েছে।

Leave a Comment