কলকাতার বদলে সুন্দরবনে প্রথম পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ভাবনা সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের সিদ্ধান্তে এ বছরের স্বাধীনতা দিবস (Independence Day) ঘিরে পশ্চিমবঙ্গে (West Bengal) একাধিক নতুন উদ্যোগের ইঙ্গিত মিলেছে। আর এই উদ্যোগের মাঝেই শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবছর কলকাতায় নয়, বরং স্বাধীনতা দিবসে গোসাবার (Gosaba) কিষাণ মাণ্ডিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করবেন। এতদিন কলকাতার রাজপথে পতাকা উত্তোলন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। আর এবার সেই নিয়ম ভাঙতে চলেছেন শুভেন্দু।

সুন্দরবনে প্রথম পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী

আগামীকাল, ১৫ আগস্ট, দেশজুড়ে পালিত হতে চলেছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। তাই এই উৎসব নিয়ে প্রতিটি রাজ্যে চলছে বিশেষ প্রস্তুতি, যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। গত সোমবার কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্ষমতা পরিবর্তনের পর এই প্রথম বিজেপি সরকার বঙ্গে পালন করতে চলেছে স্বাধীনতা দিবস। তাই গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য বেশ কয়েকটি জায়গা খতিয়ে দেখা হচ্ছিল। আর সেখানেই প্রথমবার সুন্দরবনে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাই সেখানকার নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে যে, জেলা, মহকুমা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সকাল ৯টার পর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করতে হবে। রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী এবং জেলা স্তরে মন্ত্রী, কমিশনার বা জেলাশাসক পতাকা উত্তোলন করবেন। মহকুমা ও ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিক এবং পঞ্চায়েত ও গ্রাম স্তরে গ্রাম বা পঞ্চায়েত প্রধান পতাকা উত্তোলন করবেন। এছাড়াও দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ বাড়াতে সারা দেশে ব্যান্ডের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে এই অনুষ্ঠান হবে। স্থানীয় প্রশাসনকে অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জানেন ১৯৪৭-র পর একে একে স্বাধীন হয় কোন কোন দেশ? রইল তালিকা

প্রসঙ্গত, কলকাতার রেড রোডের অনুষ্ঠানেও থাকবে বিশেষ চমক। তবে সেই অনুষ্ঠানে কোন পাঁচ রাজ্যের বিশিষ্টরা থাকবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি ,কেন্দ্রের তরফে স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় রাজ্যপালের বাসভবনে সন্ধ্যা ৬টার পর ‘অ্যাট হোম’ অনুষ্ঠানের আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে সাধারণ আমন্ত্রিতদের পাশাপাশি বিশেষ কৃতিত্বের অধিকারী বিভিন্ন মানুষকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রীতি মেনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ বার সেই একই দিনে আকাশবাণী কলকাতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও রাজ্যবাসীর উদ্দেশে বেতারবার্তা দেবেন বলে জানা গিয়েছে।

Leave a Comment