অন্নপূর্ণা যোজনা থেকে কেন নাম বাদ গেল? নিজেই দেখে নিন এভাবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘোষণা অনুযায়ী, 17 আগস্ট অর্থাৎ সোমবার থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) নির্দিষ্ট পরিমাণ অর্থ ঢুকে গিয়েছে বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে রাজ্যের তরফে তৃতীয় কিস্তির টাকা ছাড়া হলেও সেই অর্থ এখনও পাননি অনেকেই। কেন নাম বাদ গেল সেটাও বুঝে উঠতে পারছেন না ভুক্তভোগী মহিলারা? এমতাবস্থায়, কী করবেন? নতুন করে আবার আবেদন করবেন নাকি পুরনো আবেদন দেখিয়ে সরকারি অফিসে ছোটাছুটি করবেন বুঝতে পারছেন না। তবে চাইলে দেখে নেওয়া যেতে পারে কোন কারণে বাদ গিয়েছে নাম।

কেন বাদ গেল নাম?

অনেকেই অভিযোগ করছেন, সরকারের ঘোষণার পরেই অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ গিয়েছে তাঁদের। এদিকে সরকারি তথ্য বলছে, গতকাল অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়েছে 17 লাখের কাছাকাছি নাম। এমতাবস্থায়, যাঁদের নাম বাদ পড়েছে, কী কারণে প্রকল্প থেকে নাম কাটা গেল তা নিয়ে একেবারে ঘুম উঠেছে সেই সব মহিলার। তবে সরকারি সূত্র বলছে, আবেদনকারী চাইলে নিজে থেকেই দেখে নিতে পারেন কেন বাদ পড়ল তাঁর নাম।

বলাই বাহুল্য, রাজ্য সরকারের তরফে প্রথম থেকেই জানানো হয়েছে কোনও যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ পড়বেন না। কোনও নথিতে সমস্যা না থাকলে যোগ্যরা প্রত্যেকেই এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু তা সত্বেও বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এই প্রকল্পের 3 হাজার টাকা। এক্ষেত্রে বলে রাখি, একজন মহিলা নিজে থেকেই চেক করে নিতে পারবেন ঠিক কোন কারণে তাঁর নাম অন্নপূর্ণা যোজনার প্রাপকের তালিকা থেকে বাদ দেওয়া হল।

আরও পড়ুন: শিয়ালদা, হাওড়া ডিভিশনে এই ট্রেনগুলির রুট বদলে দিল রেল, বিপদে পড়ার আগে দেখে নিন

কীভাবে দেখবেন? এই মুহূর্তে বন্ধ থাকলেও আগামীকাল অর্থাৎ 19 আগস্ট থেকে খুলে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি। জানা যাচ্ছে, এই পোর্টালেই প্রকাশ করা হবে অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ যাওয়ার কারণ। এখানেই প্রকল্প থেকে বাদ দেওয়া মহিলাদের নামের পাশাপাশি তার পাশে আবেদন বাতিল হওয়ার কারণও উল্লেখ করা থাকবে। সেক্ষেত্রে আগামীকাল পোর্টাল চালু হলে এই পোর্টালে ভিজিট করেই প্রকল্প থেকে বাদ পড়ার কারণ জেনে নিতে পারবেন মহিলারা।

তবুও বলে রাখি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করার পর সাধারণত প্রকল্প থেকে নাম বাদ পড়ে না। তবে যদি সমস্ত যোগ্যতা পূরণের পরেও নাম বাদ গিয়ে থাকে সে ক্ষেত্রে সেটা যান্ত্রিক ত্রুটি বা নথিপত্রের সমস্যা হতে পারে। এছাড়াও অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাব্য কারণ হতে পারে কর প্রদান। অর্থাৎ কেউ করদাতা হয়ে থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। একই সাথে 10 হাজার টাকার থেকে সামান্য বেশি আয় হলেও এই প্রকল্পের সুবিধা মিলবে না। পাশাপাশি বাড়িতে ভেরিফিকেশনের জন্য এসে যদি আবেদনকারীকে না পাওয়া যায়, সেক্ষেত্রেও বাতিল হতে পারে আবেদন।

Leave a Comment