বছরে ২০ টাকা প্রিমিয়ামে ২ লক্ষ টাকা বিমা কভার, কেন্দ্রের এই প্রকল্পে আবেদনের শর্ত কী?

অনন্যা সরকার, কলকাতা: ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় করতে কিংবা বিপদ-আপদে সাহায্যের জন্য বহু মানুষ বিমা করান। কিন্তু একটি বিমা পলিসি নেওয়ার পর প্রিমিয়ামের জন্য হাজার হাজার টাকা গুনতে হয়, যা বহু নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারগুলির সামর্থ্যের বাইরে। কিন্তু জানেন কি তাঁদের কথা মাথায় রেখেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মাত্র ২০ টাকা বার্ষিক প্রিমিয়ামের বিনিময়ে ২ লক্ষ টাকার বিমা সুরক্ষা প্রদান করে? এটি হল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana / PMSBY)। দেশের নিম্ন আয় গোষ্ঠীর মানুষদের বিমা সুবিধা প্রদানের জন্য এই দুর্ঘটনাজনিত বিমা প্রকল্পটি (Accidental Insurance Scheme) চালু করেছে কেন্দ্র সরকার।  

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধাগুলি

প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে, যদি বীমাকৃত ব্যক্তি দুর্ঘটনায় মারা যান বা সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, তবে দুই লক্ষ টাকার কভার প্রদান করে সরকার। আর, যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় আংশিকভাবে অক্ষম হয়ে পড়েন, তাহলেও সরকার এক লক্ষ টাকার কভার প্রদান করে। ১৮ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা গ্রহণ করে আপনিও সংকটকালে নিজের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে পারবেন। পিএমএসবিওয়াই প্রতি বছর রিনিউ করা হয়। 

এই বিমা যোজনার সুবিধা পেতে হলে উপভোক্তার একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। যদি, তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তাহলে তিনি এই প্রকল্পের অধীনে শুধুমাত্র একটি ব্যাঙ্ক থেকেই বিমা কভারেজের সুবিধা নিতে পারবেন। প্রতি বছর ১ জুন বা তার আগে ‘অটো ডেবিট’ সুবিধার মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২০ টাকা করে প্রিমিয়াম কেটে নেওয়া হবে। তাই, গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ২০ টাকা ব্যালেন্স থাকতে হবে। পিএমএসবিওয়াই-এ নাম নথিভুক্ত করা যায় ১ জুন থেকে ৩১ জুন পর্যন্ত।

আরও পড়ুন: উত্তমকুমারের মামারবাড়িতে পুলিশকে ঘরে আটকে নিগ্রহ, গ্রেপ্তার ৪

জানিয়ে রাখি, মোদি সরকার ২০১৫ সালের ৯ মে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাটি চালু করে। সরকার প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সরকার মোট ১,৮০,৮১২টি ক্লেইম গ্রহণ করেছে এবং তার মধ্যে ১,৩৭,৪০৪টি ক্লেইমের নিষ্পত্তি করেছে। এখনও পর্যন্ত সরকার ২,৭২৮.৮৫ কোটি টাকা বিমার অর্থ প্রদান করেছে। অন্যদিকে, ২০২৪ সালের জুন মাস থেকে ২০২৫ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এই প্রকল্পে ৩৬ কোটি ৮৬ লক্ষ নতুন নাম নথিভুক্ত হয়েছে। এই সময়ের মধ্যে ৩৩,৯০৬টি ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে ১৯,০২৪টির নিষ্পত্তি করা হয়েছে এবং সরকার ক্লেম সেটেলমেন্ট বাবদ ৩৭৭.৭৩ কোটি টাকা ব্যয় করেছে।

Leave a Comment