সৌভিক মুখার্জী, কলকাতা: জমি দুর্নীতি মামলায় জামিন পেলেও চাকরি দুর্নীতিতে এখনও পর্যন্ত জামিন পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। তবে এবার তাঁর মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির প্রসঙ্গ টানল রাজ্য সরকার। এমনকি তাঁর বিরুদ্ধে তদন্তে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা লেনদেনের তথ্য উঠে এসেছে। পাশাপাশি সেই দলের সঙ্গেই কোম্পানির প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে বলেই অভিযোগ। এ নিয়ে এবার বড় মন্তব্য সুপ্রিম কোর্টের।
আরও বিপাকে সুমিত রায়
তৃণমূলের ভরাডুবির পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। শালবনিতে সরকারি জমি জবরদখলের পাশাপাশি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। এমনকি প্রথমে গা ঢাকা দিয়ে থাকলেও পরে সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। তবে আপাতত জমি দুর্নীতি মামলায় সুমিতের রক্ষাকবচ সোমবার পর্যন্ত বহাল রাখে সুপ্রিম কোর্ট। এমনকি পরবর্তী শুনানির জন্য সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে লিখিত নথি চেয়ে পাঠিয়েছে আদালত।
এদিকে আজ শুনানিতে সুমিতের আইনজীবী জানান, তাঁর মক্কেলের সই করা নথি তদন্তে দেখানো হয়নি। এমনকি ১১ দিন ধরে জিজ্ঞাসাবাদ করলেও লেনদেন সংক্রান্ত সঠিক প্রশ্ন করা হয়নি। পাশাপাশি রাজ্যের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন, সুমিত রায়কে যে প্রশ্নই করা হয়েছে, তিনি বলেছেন ‘জানি না’। নাহলে বলেছেন ‘মনে করতে পারছি না’। তবে সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই দাবি তুষার মেহতার। এমনকি তদন্তে কয়েক লক্ষ টাকা লেনদেনের তথ্য মিলেছে, যা একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্টে জমা হয়েছিল। আর সেই রাজনৈতিক দলের সঙ্গেই লিপস অ্যান্ড বাউন্ডসের ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে।
আরও পড়ুন: ১ বছরের মধ্যেই রাজ্যের সমস্ত দফতরে শূন্যপদে নিয়োগ, ঘোষণা নবান্নের
এমনকি সলিসিটর জেনারেল কোম্পানির প্রসঙ্গ তুললে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, লিপস্ অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি প্রশ্ন তুলেছিলেন। তবে তদন্ত অত্যন্ত ধীর গতিতে হচ্ছিল। সেই উত্তরে তুষার জানান, সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য উঠে আসবে। এমনকি তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছিল বা তিনি কী উত্তর দিয়েছিলেন সবটাই সামনে আসবে।