বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বুকে চলছে হিন্দু থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অসাধু চক্র! এমন অভিযোগই উঠেছে উত্তর 24 পরগনার (North 24 Parganas) বসিরহাট (Basirhat) মহকুমার অন্তর্গত হিঙ্গলগঞ্জ (Hingalganj) বিধানসভা কেন্দ্রে। জানা গিয়েছে, সুদূর আর্জেন্টিনা অর্থাৎ লিওনেল মেসির দেশ থেকে এসে হিঙ্গলগঞ্জের একটা বড় অংশের হিন্দুদের (Hindus) মধ্যে খ্রিস্টান ধর্মপ্রচার করে তাঁদের নাকি যীশু খ্রীষ্টের ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন তিনি! এমন অভিযোগ পেতেই ঘটনাস্থলে পৌঁছে যান বঙ্গীয়হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।
মেসির দেশের ব্যক্তির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ!
বিগত দিনগুলিতে রাজ্যের হিন্দু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার একটা অসাধু চক্র চলছে বলেই অভিযোগ করে আসছিলেন বাংলার বিভিন্ন হিন্দু সুরক্ষা সংগঠনের সদস্যরা! এর আগে সোশ্যাল মিডিয়াতেও এমন বেশ কিছু খবর ভাইরাল হয়। তেমনই সম্প্রতি নেট দুনিয়ায় গা ভাসিয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, হিঙ্গলগঞ্জের একটি হিন্দুপাড়ায় এক মহিলার বাড়িতে চলছে বিশেষ মিটিং। অতর্কিতে মোবাইল ফোনের ক্যামেরা অন করে সেখানে হাজির হন স্থানীয় কয়েকজন হিন্দু যুবক এবং বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা।
ভাইরাল হওয়ার ওই ভিডিওটিতে দেখা যায়, সবুজ গেঞ্জি পরিহিত এক বিদেশি ঘর থেকে বেরিয়ে আসছেন। জানা গিয়েছে তিনি আর্জেন্টিনার বাসিন্দা। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের অভিযোগ, ওই ব্যক্তিই বিগত দিনগুলিতে হিঙ্গলগঞ্জের হিন্দু পাড়ায় ঢুকে হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন। নিজের ধর্ম প্রচার করে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করেছেন!
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে আর্জেন্টিনার ওই বাসিন্দাকে প্রশ্ন করতেই তিনি একেবারে গর গর করে বলে দিলেন, ওই বাড়িতে যতজন ব্যক্তি রয়েছেন প্রত্যেকেই এখন খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত। তাঁর দাবি, প্রত্যেকের স্বাধীনতা আছে। হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেমন বাড়িতে ঈশ্বরের প্রার্থনা করেন তেমনই কেউ চাইলে যীশু খ্রিস্টের ধর্মকে ভালোবেসে প্রার্থনা করতেই পারেন! যদিও ভিডিওটিতে স্থানীয়দের বলতে শোনা যায়, “এটা হিন্দু পাড়া। এখানে হিন্দুদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা যাবে না!” প্রত্যুত্তরে আবার ওই আর্জেন্টাইন ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনারা কি খ্রিস্টানদের এই পাড়া থেকে তাড়াতে চান?” এরপরই এক প্রস্থ বাড়ে অশান্তি।
আরও পড়ুন: ২০২৬-২৭-র শুরুতেই আর্থিক বৃদ্ধি ৭.৮%! গোটা বিশ্বকে চমকে দিল ভারতের GDP
ভিডিওটিতে ঘরের ভেতরে বেশ কয়েকজন মহিলাকে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। দাবি করা হচ্ছে, তাঁরা প্রত্যেকেই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন! সূত্র মারফত খবর, হিঙ্গলগঞ্জের বেশকিছু হিন্দু পাড়ায় নাকি ঘুরে ঘুরে আর্জেন্টিনার বাসিন্দা ওই ব্যক্তি খ্রিস্টান ধর্ম প্রচার করছিলেন। আর তাতে বাধা দিতেই একেবারে তর্ক জুড়ে দেন তিনি। যা খবর, গোটা ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন হিঙ্গলগঞ্জের স্থানীয় হিন্দুরা।