প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বড় সাফল্য অর্জন করল কলকাতা পুলিশ (Kolkata Police), ২৪ ঘণ্টার মধ্যে অপহরণ হয়ে যাওয়া ৬ মাসের শিশুকে উদ্ধার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। ঘটনায় (Kidnapping Case In Kolkata) জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। চরম চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায়। বাচ্চাকে ফিরে পেয়ে স্বস্তি পেল পরিবার। ঘটনার সঙ্গে কোনও শিশু পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গড়িয়াহাট উড়ালপুলের নীচে স্বামী ও ছয় মাসের শিশুকে নিয়ে থাকেন আজমিরা মোল্লা। কয়েকদিন আগে মোটামুটি বছর পঁয়ত্রিশের এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই মহিলা নিয়মিত শিশুটির সঙ্গে সময় কাটাতেন বলে জানিয়েছেন ওই গৃহহীন দম্পতি। কিন্তু গত রবিবার, সকালে ওই মহিলা কোথাও একটা ঘুরতে যাওয়ার নাম করে আজমিরা ও ৬ মাসের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে ট্যাক্সিতে উঠিয়ে নিয়েছিলেন। কিন্তু গড়িয়াহাট থেকে ট্যাক্সিটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে পৌঁছলে আজমিরাকে গাড়ি থেকে নেমে যেতে বলা হয়। তারপরেই শিশুটিকে নিয়ে ট্যাক্সিতে চম্পট দেন ওই মহিলা।
খতিয়ে দেখা হয়েছিল CCTV ফুটেজ
তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করার জন্য বেনিয়াপুকুর থানার দ্বারস্থ হন গৃহহীন দম্পতি। এদিকে অপহরণের বিষয়টি জানার পরেই শুরু হয় তদন্ত। কিন্তু খুব একটা সহজ ছিল না। কার্যত পুরো বিষয়টি চ্যালেঞ্জ হিসাবে নেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তের শুরুতেই গড়িয়াহাট ফ্লাইওভার সংলগ্ন এলাকা-সহ আশেপাশে লাগানো প্রায় ৬০টি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হয়। আর তখনই একটি ফুটেজে হলুদ ট্যাক্সিকে চিহ্নিত করেন তদন্তকারী আধিকারিকরা। সেটি বাইপাস হয়ে জয়নগরের দিকে যাওয়ায় তড়িঘড়ি জয়নগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন আধিকারিকরা।
আরও পড়ুন: ‘মানুষকে ভুল বোঝালে আদালতে যান’, অভিষেকের ডিগ্রি নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
পুলিশ সূত্রে খবর শেষে জয়নগর পুলিশের সাহায্যে গভীর রাতে অভিযুক্তের বাড়ি কার্যত ঘিরে ফেলা হয়। সেখান থেকেই হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সেই তালিকায় ছিল গাড়ির চালকও। পাশাপাশি, গড়িয়াহাট উড়ালপুলের নীচে থাকা বন্দনা রায় নামে আরও এক মহিলাকেও গ্রেপ্তার করা হয়। তদন্তে মূল অভিযুক্ত হিসেবে মধু শেখের নাম উঠে আসে। ধৃতদের শিশুটিকে বিক্রির কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।