প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বাভাস অনুযায়ী, গতকাল, মঙ্গলবার, টানা বৃষ্টি হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সমস্ত জেলা। স্বাভাবিকভাবেই তাই সমস্ত জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয়রা। আজ, বুধবারও পরিস্থিতি মোটের উপরে একইরকম থাকার সম্ভাবনা রয়েছে, এমতাবস্থায় বৃষ্টি (Rain) নিয়ে বড় আপডেট দিলেও হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামীকাল (Weather Tomorrow) থেকেই নাকি আবহাওয়ার পরিবর্তন হবে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে আগামীকাল থেকে। তবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
আগামীকাল, কলকাতাতেও মোটের উপর হালকা মেঘলা আকাশ থাকবে। যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বৃষ্টিপাতের কারণে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম রয়েই গিয়েছে।
আরও পড়ুন: ৭.৮% আর্থিক বৃদ্ধির পরই সুখবর, ভারতের অর্থনীতিতে আস্থা রেখে রেটিং বাড়াল জাপানের সংস্থা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি বজায় থাকবে। তবে আশঙ্কা করা যাচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে কোনো বৃষ্টির সতর্কতা নেই।