প্রীতি পোদ্দার, কলকাতা: বেড়াতে গেলে সুবিধা এবং সামর্থ্য বুঝে আমরা কম বেশি ভাল হোটেলে (Hotel) থাকার চেষ্টা করে থাকি। হোটেলের স্টাফরাও বেশ খাতির যত্ন করে থাকে। হোটেল রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস যেমন শ্যাম্পু (Sampoo), সাবান, লোশন এবং তোয়ালের বন্দোবস্ত করে রাখে। কিন্তু জানেন কি এই শ্যাম্পু, সাবান ও লোশন ক্ষুদ্র আকারের বোতলে (Tiny Bottle) কেন দেওয়া হয়ে থাকে। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কেন ছোট বোতলে সামগ্রী দেওয়া হয়?
অনেকেই ঘুরতে গিয়ে যে হোটেলে থাকেন তা হয়ত ২-৩ দিনের জন্য বুক করেন আবার অনেকেই আছেন মাত্র ১ টি রাত কাটানোর জন্য হোটেল বুক করেন, সেক্ষেত্রে হোটেলের প্রসাধন সামগ্রী ব্যবহার খুবই কম হয়। অনেকে অল্প ব্যবহার করে ঠিকই বাকিটা নষ্ট হয়, কারণ পরবর্তী অতিথি যখন ওই রুম বুক করে তখন তাকে নতুন বোতলে সব সামগ্রী দেওয়া হয়। তাই বেশি সামগ্রী যাতে নষ্ট না হয়, সেই কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ছোট বোতলগুলো হোটেলের বাথরুমে অল্প জায়গায় গুছিয়ে রাখা সহজ হয়ে যায় কর্মীদের কাছে। তাই এই ব্যবস্থা করা হয়েছে।
কী কী রুম থেকে নিয়ে যাওয়া যায়?
অনেকেই আছেন যারা হোটেলের রুম বুক করেন তারা রুমে রাখা ছোট সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ এবং লোশন রুম চেক আউট করার সময় সঙ্গে নিয়ে যায়। কারণ সেগুলি যদি একবার ব্যবহার বা খোলা হয় তাহলে হোটেল কর্তৃপক্ষ সাধারণত সেগুলো ফেলে দেয়। তাই এগুলো ফেলে না দিয়ে বরং সঙ্গে নিয়ে যাওয়াতে কোনো সমস্যা হয় না কারোর, এমনকি এই কাজে বাঁধা দিতে পারবে না হোটেল কর্তৃপক্ষ। এছাড়াও অতিথিরা রুমে রাখা টি-ব্যাগ, কফির প্যাকেট, হট চকলেট, চিনির প্যাকেটও চেক আউটের সময় নিয়ে যেতে পারে।
আরও পড়ুন: জানেন ভারতের কোন মিষ্টিকে ‘মিষ্টির রাজা’ বলা হয়?
এছাড়াও নোটপ্যাড, হোটেলের নাম বা লোগোযুক্ত কাগজ এবং কলম সাধারণত অতিথিরা সঙ্গে নিয়ে যেতে পারেন। কিছু হোটেল ম্যাপ, দর্শনীয় স্থানের ভাউচার বা কুপনও দিয়ে থাকে। এসব সামগ্রী অনেক সময় হোটেলের প্রচারের উপকরণ হিসেবেও কাজ করে। তবে বাকি সামগ্রী কখনোই রুম থেকে নিয়ে যাওয়া উচিত নয়, এতে হোটেল কর্তৃপক্ষের কাছে আপনার বদনাম হতে পারে।