পুলিশ চালান কাটলেই বাতিল হবে আপনার ড্রাইভিং লাইসেন্স! নতুন নিয়ম আনছে সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রাফিক সিগন্যাল অমান্য করা বা নিয়ম ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ (Indian Traffic Rules)। যে কারণে প্রায় প্রতিদিন গোটা দেশজুড়ে বহু মানুষকে শাস্তির মুখে পড়তে হয়। গুনতে হয় মোটা টাকার জরিমানা। তবে এবার বেপরোয়া বাইক চালকদের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে কেন্দ্রীয় সরকার। সরকার যে নতুন নিয়ম আনতে চলেছে তাতে, আগামী দিনে ট্রাফিক আইন ভাঙলে শুধু জরিমানাই হবে না সেই সাথে প্রয়োজন ভেদে বাতিল করা হবে চালকের ড্রাইভিং লাইসেন্সও (Driving Licence Cancel)!

চালান কাটলেই বাতিল হবে লাইসেন্স?

সম্প্রতি সিয়ামের 66 তম বার্ষিকীতে হাজির হয়ে দেশের সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে নতুন গ্রেডেড পয়েন্ট সিস্টেম সম্পর্কে জানিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সরকার যে নতুন ব্যবস্থা প্রস্তাব করেছে তাতে প্রত্যেক চালকের ড্রাইভিং লাইসেন্সে একটি করে ক্রেডিট বা পয়েন্ট সিস্টেম যুক্ত করা হবে। পরবর্তীতে চালক যদি ট্রাফিক আইন লঙ্ঘন অর্থাৎ হেলমেট পরে গাড়ি না চালানো, মদ্যপ অবস্থায় ড্রাইভিং, দ্রুতগতিতে গাড়ি চালানো, সিগন্যাল ভাঙা, সিটবেল্ট না পরার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থেকে একটি করে পয়েন্ট কেটে নেওয়া হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চালক যদি বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করেন এবং পুলিশ যদি বারবার চালান কাটে সেক্ষেত্রে একটা সময় পর ক্রেডিট পয়েন্ট নির্দিষ্ট সীমায় পৌঁছে গেলে চালকের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করতে পারে সরকার। তারপরেও যদি চালক ট্রাফিক আইন না মানেন সেক্ষেত্রে তাঁর ড্রাইভিং লাইসেন্স পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। আসলে প্রতিদিন বেড়ে চলা সড়ক দুর্ঘটনা কমাতে এবং চালকদের দায়িত্ববান করে তোলার উদ্যোগেই এমন পদক্ষেপ নিচ্ছে সরকার।

 

আরও পড়ুন: এই মহিলাদের আবারও অন্নপূর্ণা যোজনার জন্য নথিপত্র জমা দিতে হবে!

উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি মাসে চালু হওয়া এক বিশেষ নীতির অধীনে, গোটা দেশে 1600 ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চলেছে সরকার। এই বিশেষ ব্যবস্থার অধীনে আজ পর্যন্ত 10 লাখ চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারের আশা, সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র খুলে গেলে প্রত্যেক বছর গড়ে দেড় লাখ চালক প্রশিক্ষণ পাবেন।।

Leave a Comment