ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে সঙ্গমরত পথকুকুরের যৌনাঙ্গ, তাহেরপুরে ধৃত মাংস ব্যবসায়ী

আনিষা চৌধুরী, কলকাতা: নদিয়ার তাহেরপুরে (Taherpur) এক পথকুকুবের সঙ্গে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঙ্গমরত অবস্থায় থাকা দুই পথকুকুরের মধ্যে একটি কুকুরের যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়। গুরুতর আহত অবস্থায় কুকুরটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

কী ঘটেছিল তাহেরপুরে?

অভিযোগ, তাহেরপুরের মাছ বাজার এলাকায় দুই পথকুকুরকে সঙ্গমরত অবস্থায় দেখতে পান এক মাংস ব্যবসায়ী। এরপর তিনি তাঁর মাংস কাটার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে একটি কুকুরের যৌনাঙ্গ কেটে ফেলেন। এই ভয়ংকর আঘাতের জেরে কুকুরটি রক্তাক্ত হয়ে পড়ে যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত কুকুরটিকে উদ্ধার করেন। পরে তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়। ঘটনাটি জানাজানি হতেই পশুপ্রেমীদের মধ্যেও উদ্বেগ ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার অভিযোগের উপর ভিত্তি করে ওই মাংস ব্যবসায়ী মানিক দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রাণীর উপর নিষ্ঠুরতার অভিযোগে নির্দিষ্ট আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। অভিযুক্তকে পরে রানাঘাট আদালতে পেশ করা হয়। ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল, তা নিয়েও তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে আহত কুকুরটির শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে।

আরও পড়ুন: তুরুষ্ক, পাকিস্তানের মক্কা চুক্তিকে সমর্থন করছে রাশিয়া! ভারতের বিরুদ্ধে পুতিনও?

পথকুকুরের উপর এমন আচরণকে কেন্দ্র করে এলাকায় প্রশ্ন উঠেছে। নির্বাক প্রাণীর সঙ্গে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাটি সামনে আসার পর পশুপ্রেমীরাও অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

Leave a Comment