দিতেই হবে এই তথ্য, স্কুলগুলির জন্য নয়া বিজ্ঞপ্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

অনন্যা সরকার, কলকাতা: সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলির (Higher Secondary School) প্রধান শিক্ষকদের তাদের স্কুলের শ্রেণি ও ধরন আপডেট এবং সেই সংক্রান্ত প্রমাণপত্র জমা দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। গুগল ফর্মের (Google Form)-এর মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার জারি করা এই বিজ্ঞপ্তিটির উদ্দেশ্য মূলত কাউন্সিলের অফিসিয়াল পোর্টালে স্কুলের ডেটাবেস সম্পূর্ণ নির্ভুল ও আপডেটেড রাখা। 

স্কুলগুলির জন্য জারি নির্দেশিকা

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে বিদ্যালয়গুলির ধরন ও শ্রেণি প্রমাণ করার জন্য প্রমাণপত্র বা উপযুক্ত নথি গুগল ফর্মের মাধ্যমে আপলোড করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয়ের ধরনগুলি মধ্যে রয়েছে – 

  • সম্পূর্ণ সরকারি (Pure Government)
  • সরকারি সাহায্যপ্রাপ্ত (Government Aided)
  • সরকারি পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত বিদ্যালয় (Government Sponsored)
  • স্ব-অর্থায়িত বিদ্যালয় (Self Financed)

বিদ্যালয়ের শ্রেণিগুলি হল – বালক (Boys), বালিকা (Girls) এবং সহ-শিক্ষা (Co-ed)। 

আরও পড়ুন: ইন্টারনেট পেতে পাহাড় চূড়ায় পড়াশোনা, NEET-এ সফল দুই বোন হবেন ডাক্তার

নির্দেশকায় বলা হয়েছে যে, হায়ার সেকেন্ডারি স্কুলগুলিকে গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করা ফর্মটি পূরণ করতে হবে এবং স্কুলের ধরন ও শ্রেণিগুলিকে সমর্থন করে এমন প্রাসঙ্গিক সহায়ক নথি বা প্রমাণপত্র আপলোড করতে হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলগুলিকে অপ্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। শুধুমাত্র বিদ্যালয়ের ধরন ও শ্রেণি যাচাই করা যায়, এমন প্রাসঙ্গিক নথিই জমা দিতে বলা হয়েছে।

বিভিন্ন বিদ্যালয়ের বর্তমান পরিকাঠামো, শ্রেণি এবং ধরন সংক্রান্ত সঠিক ও আপডেটেড তথ্য বোর্ডের কাছে থাকা বাধ্যতামূলক, তাই এই বিজ্ঞপ্তি জারি কাউন্সিলের। এছাড়া, তথ্য আপডেট করা থাকলে সঠিক তথ্যের ভিত্তিতে বোর্ডের পরীক্ষা পরিচালনা করা, ওএমআর (OMR) শিট বিতরণ এবং পরবর্তী শিক্ষাবর্ষের পরিকল্পনা করা আরও ভালোভাবে করা সম্ভব হবে।

Leave a Comment