“লজ্জা.. তোমাদের দ্বিচারিতা ভক্তরা বুঝে গিয়েছে” ইস্টবেঙ্গলকে তুলোধোনা করলেন অস্কার ব্রুজো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 বছরের অপেক্ষা কাটিয়ে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ জিতেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেখান থেকেই শুরু হয়েছে সাফল্যের যাত্রাটা। মূলত স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) হাত ধরেই বৈতরণী পার করেছে লাল হলুদ। তিনি এখন ইস্টবেঙ্গলে প্রাক্তন। সেই প্রাক্তন হেডস্যারই এবার ইস্টবেঙ্গলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। শহরের ঐতিহ্যবাহী দলটির ম্যানেজমেন্টকে সরাসরি নিশানায় এনে তাঁদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন স্পেনের এই ফুটবল কোচ।

ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে বেনজির আক্রমণ ব্রুজোর

বৃহস্পতিবার, নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আচমকা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেখানে দাবি করা হয়েছে, কয়েকটি অসাধু গোষ্ঠী ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং প্রাক্তন প্রধান কোচ অস্কারের মধ্যে বিভেদ তৈরি করছে। তাদের নাম ব্যবহার করে ভুয়ো খবর ছড়াচ্ছে। ভক্তদের মধ্যে বিভাজন তৈরি করে অহেতুক বিতর্ক বাড়াচ্ছে। ওই বিবৃতিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়, প্রাক্তন কোচের প্রতি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সর্বোচ্চ সম্মান রয়েছে।

 

অবাক করা বিষয়, এদিন লাল হলুদের তরফে জারি করা ওই বিবৃতির কমেন্ট বক্সে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন কোচ ব্রুজো। তিনি লিখেছিলেন, “ম্যানেজমেন্টের লজ্জা হওয়া উচিত। প্রত্যেক সমর্থক আপনাদের ন্যারেটিভ, এজেন্ডা এবং দ্বিচারিতা বুঝে গিয়েছে।” শুধু তাই নয় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ব্রুজো লেখেন, “ময়দানে আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য এবং পর্দার আড়ালে থাকা কুশীলবদের মুখোশ খুলে গিয়েছে।”

 

আরও পড়ুন: “আমাদের মেয়েরা ক্রিকেট খেলতে পারে না, রান্না পারে!” নিজের দেশকেই ঠাট্টা আফ্রিদির

এদিন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নিশানা করে আনোয়ার আলিদের প্রাক্তন কোচের ওই পোস্ট শেয়ার করে বেশ কয়েকজন লিখেছেন, “তাহলে কি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের আসল সত্য ফাঁস হয়ে গেল?” ব্রুজো ঘনিষ্ঠদের কেউ কেউ লিখছেন, “আসল সত্যি ফাঁস করে দেওয়ায় কি খুব কষ্ট হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট?” সবমিলিয়ে, ড্যামেজ কন্ট্রোল করতে বিবৃতি দিলেও সেটাই যেন বুমেরাং হয়ে ঘুরে এলো লাল হলুদের দিকেই!

Leave a Comment