হাওড়ার দুই প্রধান রাস্তায় টোটো বন্ধে তৎপর পুলিশ, চলছে মাইকিং ও মৌখিক প্রচার

অনন্যা সরকার, হাওড়া: সম্প্রতি রাজ্য পরিবহণ দফতরের তরফে জাতীয় ও রাজ্য সড়কে ‘টোটো’ (E-Rickshaw) চলাচলের ওপর নিষেধাজ্ঞার জারি করার পর হাওড়া পুলিশ শহরের দুটি প্রধান সড়ক- জিটি রোড ও আন্দুল রোডে টোটো চলাচল নিয়ন্ত্রণে তৎপর হয়েছে। জিটি রোডের কাজিপাড়া মোড় ও বঙ্গবাসী মোড়ের মধ্যবর্তী অংশে এই তিন চাকার বিদ্যুৎচালিত যানগুলির বাড়বাড়ন্ত দেখা যায়। তাই ওই রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ (Toto Ban) করতে মঙ্গলবার থেকেই পুলিশি নজরদারি শুরু হয়েছে। আপাতত মাইকে ঘোষণা ও মৌখিক সতর্কবার্তার মাধ্যমে টোটো চালকদের সচেতন করা হচ্ছে।

হাওড়ার গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো বন্ধের জন্য প্রচারে পুলিশ

জিটি রোডে যানজটের আসল কারণ কাজীপাড়া মোড়ে টোটোর দৌরাত্ম্য। কাজীপাড়া মোড়ের কাছে বেশ কয়েকটি অস্থায়ী টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে। আশেপাশের এলাকা ছাড়াও সাঁকরাইল ও আন্দুল থেকেও টোটো এসে সেখানে ভিড় জমাচ্ছে। হাওড়া ময়দানে আসার জন্য সেখানে অবাধে যাত্রী তোলা হচ্ছে। কাজীপাড়া থেকে শিবপুর ট্রাম ডিপো, পিএম বস্তি, মল্লিক ফটক হয়ে বঙ্গবাসী মোড় পর্যন্ত জিটি রোডে সারাদিন ধরে অসংখ্য টোটো ট্রাফিক সিগন্যাল ও ওয়ানওয়ের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলাচল করছে। বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে অস্থায়ী টোটো স্ট্যান্ড। এর কারণে বি গার্ডেন, মন্দিরতলা, দানেশ শেখ লেন, আলমপুর ও চুনাভাটি রুটের বাসগুলিতে যাত্রীদের আকাল দেখা যাচ্ছে।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যে, কাজীপাড়া থেকে বঙ্গবাসী পর্যন্ত জিটি রোডে আর টোটো চলাচল সম্পূর্নভাবে বন্ধ করা হচ্ছে। মঙ্গলবার থেকে কাজীপাড়া মোড়ে টোটোগুলোকে জিটি রোডে ঢুকতে না দিয়ে, ফোরশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবে, জিটি রোডের লেন ও বাইলেনগুলিতে শেষ গন্তব্যের যান বা ‘লাস্ট ডেস্টিনেশন ভেহিকেল’ হিসেবে টোটো চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের এক ট্র্যাফিক গার্ড এদিন জানান, আপাতত চালকদের মাইকিং করে ও মুখে বলে সতর্ক করা হচ্ছে। তবে, আগামী দিনে পরিবহন দফতরের নির্দেশগুলি বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দাসপুরে স্কুলের বাথরুমে অশালীন ভিডিও বানিয়ে বিপাকে ছাত্রীরা, অভিনব শাস্তি কর্তৃপক্ষের

আবার, কোনা এক্সপ্রেসওয়ের ওপর যানবাহনের চাপ কমানোর জন্য বিকল্প পথ হিসেবে বেছে নেওয়া হয়েছিল আন্দুল রোডকে। সেখানেও কার্যত টোটোর উপদ্রবে নাজেহাল অবস্থা। এজেসি বোস বি গার্ডেন থানার সামনে থেকে দানেশ শেখ লেন, চুনাভাটি, হাঁসখালি পোল, বকুলতলা মোড় সহ সমগ্র আন্দুল রোডেই টোটোর দৌরাত্ম্য বিশৃঙ্খল অবস্থা। প্রচণ্ড যানজট প্রতিদিন ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের। সন্ধ্যার পর সমস্যা আরও বাড়ছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে রাস্তায় নেমেছে হাওড়া পুলিশ। তারা টোটো চালকদের এই রাস্তায় যথেচ্ছভাবে চলাচল করার ক্ষেত্রে বাধা দিচ্ছে। টোটো নিয়ন্ত্রণ না করলে হাওড়াবাসীদের যানজটের সমস্যা দূর কড়া সম্ভব নয়, এটা উপলব্ধি করেই বিশেষ উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment