আসছে ‘দ্য কলকাতা ফাইলস’, মমতার চরিত্রে অভিনেত্রী স্বাগতা? লুক ভাইরাল নেট দুনিয়ায়

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু চর্চিত সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর পর এবার আসছে ‘দ্য কলকাতা ফাইলস’ (The Calcutta Files)। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সৌভিক দে। ইতিমধ্যেই এই সামাজিক-রাজনৈতিক ক্রাইম থ্রিলার সিনেমার (Tollywood Movie) পোস্টার ভাইরাল হয়েছে। যেখানে মুখ্যমন্ত্রীর লুকে আলাদাই নজর কেড়েছেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় (Swagata Mukherjee)। শুধু তাই নয় এই লোকের সঙ্গে তুলনা করা হয়েছে রাজ্যের জনপ্রিয় এক মহিলা রাজনীতিবিদের সঙ্গে।

আসছে ‘দ্য কলকাতা ফাইলস’

দ্য কলকাতা ফাইলস সিনেমায় অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী ‘সুস্মিতা বসু’ চরিত্রে অভিনয় করতে চলেছেন। চিত্রনাট্য লিখছেন সৌভিক দে, অর্ণব ভৌমিক, অভিষেক ভট্টাচার্য। সঙ্গীত পরিচালক দেব সেন এবং সৌম্যদীপ চক্রবর্তী। ক্যামেরায় সুমন গিরি। এছাড়াও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গৌরব রায়চৌধুরী, রজতাভ দত্ত, পায়েল দাস, চন্দন সেন, লাবনী সরকার, স্বাগতা মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকারকে। তবে এইমুহুর্তে নজর কেড়েছে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়ের লুকে।

ভাইরাল লুক স্বাগতা মুখোপাধ্যায়ের

ভাইরাল লুকে অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের শাড়ি, টাইট খোঁপা, হাত উঁচিয়ে কি যেন একটি বলার চেষ্টা করছেন। এদিকে অভিনেত্রীকে, এই লুকে দেখে অনেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছেন। যদিও এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় নিজে জানিয়েছিলেন যে, “আমার সঙ্গে ওনার কোন পারসোনাল রিলেশন নেই। যতটুকু দেখেছি সবাই যেমন দেখেছেন আমিও সেভাবেই দেখেছি। আমার মনে হয় যার মত করে আমাকে সাজানো হয়েছে, তিনি এতটাই জনপ্রিয়, এবং বিখ্যাত সে কারণেই হয়তো মানুষ আরও রিলেট করতে পেরেছেন।”

কী বলছেন পরিচালক?

দ্য কলকাতা ফাইলস সিনেমায় গল্পের কেন্দ্রে রয়েছে তরুণী চিকিৎসক ডাঃ আরোহী সেন, যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে গিয়েছেন। কিন্তু তাঁর রহস্যজনক হত্যাকাণ্ড গোটা শহরকে নাড়িয়ে দিয়েছে। এদিকে তাঁর মৃত্যুর তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে আসে ক্ষমতা, রাজনীতি ও অপরাধের এক গভীর চক্রান্ত। এই সিনেমা নিয়ে পরিচালক সৌভিক দে জানিয়েছেন, “’দ্য ক্যালকাটা ফাইলস’ শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, এটি সত্যি, ন্যায়বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের লড়াইয়ের গল্প। আশা করি এই চলচ্চিত্র দর্শকদের ভাবাবে এবং সত্যের পাশে দাঁড়ানোর সাহস জোগাবে।” যদিও মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: ১৭ বছরের নাবালিকার সন্তান প্রসব, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গড়বেতায় গ্রেফতার স্বামী

প্রসঙ্গত, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি মুক্তির সময় রানার রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে। এই সিনেমাকে, প্রোপাগান্ডা বলে দাগিয়ে দেওয়া দিয়েছিল তৎকালীন সরকার তৃণমূল। এমনকি এই ছবির প্রচারে যখন শহরে বিবেক অগ্নিহোত্রী এসেছিলেন, সেই প্রচারের অনুষ্ঠান ঘিরেও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।

Leave a Comment