কেন পরিবারের সদস্যদের তথ্য? অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এল বড় খবর

আনিষা চৌধুরী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেতে হলে মানতে হবে নতুন নিয়ম। মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে গেলে এখন শুধু আবেদনকারীর পরিচয় বা ব্যাঙ্কের তথ্য দিলেই হবে না। সরকারি আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কেও বেশ কিছু তথ্য চাওয়া হচ্ছে। টাকা পেতে হলে আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হতো। যেমন, ২৫ থেকে ৬০ বছর বয়সি হতে হবে, স্থায়ী সরকারি থাকলে চলবে না এবং আয়কর দেন এমন ব্যক্তি হলে চলবে না। এই নির্দিষ্ট যোগ্যতা থাকা মহিলারাই এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারতেন। তবে বর্তমান আবেদনপত্রের ধরন দেখলে বোঝা যায়, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে শুধু একজন মহিলাকে নয়, তাঁর গোটা পরিবারকে তথ্যের আওতায় রাখা হচ্ছে।

কী কী তথ্য চাওয়া হচ্ছে?

অন্নপূর্ণা যোজনার জন্য ব্যবহৃত সরকারি ফর্মটির নাম রাখা হয়েছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম (Family Level Data Collection Form)। সেখানে পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড-এর হাউজহোল্ড আইডি, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা ও মোবাইল নম্বরের মতো তথ্য দিতে হবে। পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যের নাম, জন্মতারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নম্বরের জন্যও আলাদা ঘর রয়েছে। পাঁচ বছরের কম বয়সি শিশুর আধার না থাকলে তার জন্যও ফর্মে আলাদা নির্দেশ দেওয়া হয়েছে।

কেন নেওয়া হচ্ছে পরিবারের তথ্য?

অর্থাৎ আবেদনকারী মহিলার পাশাপাশি তাঁর গোটা পরিবারের তথ্য সরকারকে জানাতে হবে।পরিবারের প্রধান কে, মোট সদস্য কতজন এবং আবেদনকারীর সঙ্গে তাঁদের সম্পর্ক কী, এসব তথ্য একই জায়গায় রাখা হচ্ছে। তবে সরকারি নথিতে এই তথ্য কেন সংগ্রহ করা হচ্ছে তার কোনও কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। শুধু এটুকু স্পষ্ট যে, আবেদন যাচাইয়ের পাশাপাশি সমগ্র পরিবারের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম, ১ অক্টোবর থেকে কার্যকর নয়া রেট

সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় EPIC বা Voter ID, Aadhaar এবং সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন। BDO, SDO বা কলকাতা পুরসভার ওয়ার্ড অফিস-এর মাধ্যমে আবেদন করা যাবে, অনলাইনেও আবেদন করার ব্যবস্থা রয়েছে। ফর্ম পূরণের সময় তাই শুধু নিজের নথি নয়, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্যও নিয়ে বসা ভালো। নাম, জন্মতারিখ, সম্পর্ক বা Aadhaar নম্বরে ভুল থাকলে পরবর্তী যাচাইয়ে সমস্যা হতে পারে। তবে পরিবারের তথ্য পূরণ করলেই যে ৩,০০০ টাকা পাওয়া যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করাও জরুরি।

Leave a Comment