“হ্যাঁ, আমি টাকা নিয়েছি” বিস্ফোরক স্বীকারোক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

সৌভিক মুখার্জী, কলকাতা: দলের অন্যান্য বিধায়ক ও সাংসদরা বেইমানি করলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এখনও পর্যন্ত মমতার শিবিরেই মাটি কামড়ে পড়ে রয়েছেন। নিয়মিত বিজেপির বিরোধিতা করে আসছেন তিনি। এদিকে ঘাসফুল কোন শিবিরের, সেই ইস্যুতে আজ দিল্লিতে নির্বাচন কমিশন দুই তৃণমূলকেই তলব করে। কালীঘাট শিবিরের তরফ থেকে হাজির হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঋতব্রত শিবিরের তরফ থেকে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা। তবে বৈঠক শেষে ঋতব্রত শিবিরকে কড়া আক্রমণ করলেন কল্যাণ।

কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

তৃণমূলের নাম এবং প্রতীক কোন শিবিরের পক্ষে যাবে তা ঠিক করবে নির্বাচন কমিশনই। সেই সূত্রেই আজ দুই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখান থেকে সৌজন্য সাক্ষাৎ সেরে নব্য তৃণমূলকে কড়া আক্রমণ করেন কল্যাণ। তৃণমূল সাংসদ এদিন বলেন, “২ ঘণ্টা আমরা আমাদের বক্তব্য রেখেছি। নির্বাচন কমিশন এর পরে সিদ্ধান্ত নেবে। কী কী বলা হয়েছে তা বলছি না। তবে একটা কথা বলছি যে নির্বাচন কমিশন অন্তর্বর্তী সিদ্ধান্ত নিতে পারে। আমরা একটা ডকুমেন্ট জমা দিয়েছি। বাকি কোনও নতুন তথ্য জানতে চাওয়া হয়নি।”

এদিন কল্যাণ আরও বলেন, “আমরা বলেছি ঋতব্রতদের পক্ষ থেকে আর কোনও নতুন তথ্য পাইনি। নির্বাচন কমিশনকে অন্য কোনও তথ্য দিয়ে থাকলেও তা আমরা জানি না।” পাশাপাশি অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে তৃণমূল সাংসদের দাবি, “কলকাতা হাইকোর্ট তো অর্ডার ইস্যু করেছে। সিভিল কোর্টের রায় তো ওভাররাইট করা যাবে না। হাইকোর্ট জাস্টিস সুব্রত পালকে নিয়োগ করেছে। যেখানে টাকা লাগবে দেবে ওই ফান্ড। ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিছু করতে পারবে না।”

আরও পড়ুন: “আমি পড়াশোনা জানি না বলে… কমিটি আমাকে মিসগাইড, অপমান করে” বিস্ফোরক রেখা পাত্র

এদিকে টাকার প্রসঙ্গ উঠতেই কল্যাণ চড়া ভাষায় আক্রমণ করে বলেন, “লিখুন না। আমার পরিবার, আমাদেরকে নিয়ে যা ইচ্ছা লিখুন। আমি যা টাকা পেয়েছি সেটা পরিশ্রম করেই পেয়েছি। আমি বিনা পরিশ্রমে টাকা পাইনি। আমার যা আছে সব অন রেকর্ড। আমি মামলায় রয়েছি, এটা তো অস্বীকার করতে পারব না। ফিজ তো নেবই। সরকার থেকেও দিয়েছে। সেটাও জমা পড়েছে। হ্যাঁ, টাকা নিয়েছি। এটা তো অন্যায় নয়। সরকারের স্বার্থেই করেছি। আমার ব্যক্তিগত স্বার্থে নয়। আমি কেন্দ্রীয় সরকারের হয়ে আগেও লড়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট কি আমাকে আগে টাকা দেয়নি?”

Leave a Comment