মদের দাম বৃদ্ধি, বাইকে বালি পাচার…! আজকের সেরা ১০ খবর (১২ সেপ্টেম্বর) 

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ সেপ্টেম্বর, শনিবার। মদের দাম বৃদ্ধি, বাইকে বালি পাচার, বাংলাদেশে হিন্দু সাংবাদিকের মৃত্যু….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প বন্ধের ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার থেকে আর মিলবে না তরুণের স্বপ্ন প্রকল্পের ১০,০০০ টাকা। আসলে করোনা মহামারীর পর অনলাইন ক্লাসের জন্য ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্প চালু করেছিল, যেখানে একাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হতো ১০,০০০ টাকা করে। তবে পড়ুয়াদের মধ্যে স্মার্টফোনের ব্যবহার কমাতে এবার এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও আগে থেকে তিনি ঘোষণা করেছেন যে, দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম

পূজোর মরশুমের আগেই বাড়ছে মদের দাম। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য পানীয় নিগমের তরফ থেকে মদ, বিয়ার এবং ভারতে তৈরি মদ এই তিন ধরনের পানীয়ের নতুন করে মূল্য নির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে দাম কতটা বাড়তে পারে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগামী ১ অক্টোবর থেকেই এই নতুন রেট কার্যকর হওয়ার কথা। প্রসঙ্গত, ২৫ আগস্ট প্রকাশিত তিনটি ‘প্রি-বিড’-এর ভিত্তিতে আয়োজিত ওই বৈঠকে মদের দাম সংক্রান্ত নথি এবং পণ্য নথিভুক্তির নিয়ম কানুন নিয়ে আলোচনা চলছে। আর সেখানে জানানো হয়েছে, নতুন মূল্য অনুযায়ী সমস্ত পণ্যকে নথিভুক্ত করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) মোটরবাইকে বালি পাচার করতে গিয়ে ঝাড়গ্রামে গ্রেফতার ৬

এবার ডাম্পার-ট্রাক্টরের বদলে মোটরবাইকে করে পাচার হচ্ছে বালি। সেই দৃশ্যই ধরা পড়ল ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নয়াগ্রামে। অভিযোগ সামনে আসতেই ময়দানে নেমে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি মোটরবাইকগুলি আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন, তাঁর সরকার সিন্ডিকেট, কাটমানি বা তোলাবাজির মতো অভিযোগ বরদাস্ত করবে না। এমনকি তার জন্য হেল্পলাইন নম্বর পর্যন্ত চালু করা হয়েছে। তবে তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে দুর্নীতি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

জীবিত অবস্থায় বাংলাদেশে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু তাঁর মাকে শেষবারের মতো দেখতে পাননি। এবার সেই প্রসঙ্গ তুলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কেষ্টপুরে গণেশ পূজার উদ্বোধনে তিনি জানিয়েছেন, “চিন্ময় প্রভুর চোখের জল পৃথিবীর সনাতনীদের হৃদয় নাড়িয়ে দিয়ে গেছে। আমি ওই চোখের জল দেখতে দেখতে ভাবছিলাম, আমরা যদি সেইদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা স্বামী প্রণবানন্দের লড়াইয়ের মাধ্যমে ভারতে অন্তর্ভুক্ত না হতাম, তাহলে আজ আমাদের অবস্থাও হয়তো চিন্ময় প্রভুর মতোই হতো।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) কমিশনের সঙ্গে বৈঠক দুই তৃণমূলের

জোড়াফুল কার, এই নিয়ে আজ মমতা এবং ঋতব্রত তৃণমূল, দুই শিবিরকেই দিল্লিতে তলব করেছিল নির্বাচন কমিশন। তবে দিল্লিতে আজ প্রথম পর্যায়ের বৈঠকের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান যে, তারা নির্বাচন কমিশনের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন। তবে তৃণমূল কোনও পরিবারভিত্তিক পার্টি নয়। একজনের কথায় সবকিছু চলতে পারে না। প্রয়োজনীয় সমস্ত তথ্য কমিশনের কাছে জমা দিয়েছেন তাঁরা। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সুর চড়িয়ে ঋতব্রত শিবিরকে কটাক্ষ করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) লালমনিরহাটে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশে ঢুকে গুলি চালাল বিএসএফ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবার বড় পদক্ষেপ বিএসএফের। ওপার বাংলা থেকে উঠে আসছে বড় অভিযোগ। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত ধরলা নদীর কাছেই বালি এবং পাথর তুলেছিলেন কয়েকজন বাংলাদেশী। আর সেই সময় বাংলাদেশের ভেতরে ঢুকেই তাদেরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। আসলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের কাছে চলছিল এই কারবার। রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা নদী। আর সেখানেই গুলি চালানোর অভিযোগ উঠেছে বিএসএফ-র বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ৬২ ছিনতাইবাজ গ্রেফতার

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সোনার গয়না থেকে শুরু করে টাকা-পয়সা, মোবাইল চুরির অভিযোগে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে ৬২ জনকে আটক করা হয়েছে বলে খবর। প্রতি বছরের মতো এবছরও লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে বীরভূমে। আর সেই ভিড় সামাল দিতে আগে থেকেই তৎপর ছিল রাজ্য ও জেলা প্রশাসন। চুরি, ছিনতাই ঠেকাতে ৪ হাজারের বেশি পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি ৩০০-র বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে তা সত্ত্বেও ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) রাস্তার নামকরণে গঠিত হল কমিটি

ইতিমধ্যেই নতুন সরকার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাস্তাঘাট, সরণীর নাম বদল করেছে এবং তার জন্য এবার আলাদা কমিটি তৈরি করা হল। ১০ সদস্যের ওই কমিটির নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কার্তিক মহারাজকে। তিনি ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন বলে খবর। গত শুক্রবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি নির্দেশিকা জারি করে জানান, সেখানে কার্তিক মহারাজের পাশাপাশি সদস্য হিসেবে থাকবেন তথাগত রায়, অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্ত সহ অন্যান্যরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) NJP-র স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

পুজোর মুখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর। এবার যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে কলকাতা থেকে এনজিপি পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা গিয়েছে, ডানকুনি থেকে নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি চলবে আগামী ১৭ অক্টোবর থেকে। এটি বিকেল পাঁচটা নাগাদ ডানকুনি স্টেশন থেকে ছাড়বে। আর পরদিন ভোর ৩:২৫ নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে থামবে। যাত্রার সময় লাগবে ১০ ঘণ্টা ২৫ মিনিট। এই ট্রেনটির ভাড়া হবে ১১৬৫ টাকা এবং ট্রেনে মোট ৫৪৪টি আসন পাওয়া যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বাংলাদেশে অফিসে উদ্ধার সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত দেহ

ফের বাংলাদেশে হিন্দুমৃত্যু। এবার রহস্যমৃত্যু হল সাংবাদিক পুলক চ্যাটার্জির। গতকাল সন্ধ্যায় বরিশালের প্যারারা রোডে সমকালের কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী ওই সাংবাদিক ২০২৩ সাল পর্যন্ত সমকালের ব্যুরোপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। এমনকি তাঁর পরিবারে স্ত্রী এবং এক মেয়ে রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তিনি পাঁচটি চিরকুট ফেলে রেখে গিয়েছেন বলেও খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment