বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাড়ি মানেই চার চাকা বিশিষ্ট বিশালাকার এক যান, যেখানে অন্তত 4 থেকে 5 জন বসে যাতায়াত করতে পারবে। ফোরহূইলার সংক্রান্ত এই ধারণা কার্যত বদলেই দিলেন ইতালির এক মেকানিক (World’s Narrowest Car)। বহু পুরনো এক বাতিল গাড়ি থেকে একপ্রকার মানুষের দেহের সমান অর্থাৎ মাত্র 50.20 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি গাড়ি বানিয়ে গোটা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিলেন ইতালির ওই তরুণ। চার চাকার ওই গাড়িটি বিশ্বের সবচেয়ে সরু গাড়ি (Four Wheeler) হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছে।
বিশ্বের সবচেয়ে সরু গাড়িতে কতজন যাতায়াত করতে পারবেন?
বিশ্বের সবচেয়ে সরু অর্থাৎ পাতলা চারচাকা বিশিষ্ট গাড়িটি যিনি তৈরি করেছেন ইতালির সেই তরুণ মেকানিকের নাম আন্দ্রেয়া মারাজ্জি। তাঁর বয়স 30 বছর। খোঁজ নিয়ে জানা গেল, আন্দ্রেয়া পেশায় একজন মেকানিক হওয়ার পাশাপাশি তাঁর পরিবার ভাঙা বা অকেজো গাড়ি নিয়ে কাজ করে। আসলে পুরনো ভাঙা গাড়িগুলি থেকে বিভিন্ন যন্ত্রাংশ আলাদা আলাদা করে সেগুলি নিয়েই কাজ আন্দ্রেয়ার পরিবারের। সেখান থেকেই পুরনো গাড়িগুলিকে না ভেঙে কিছু করে দেখানোর ভাবনা আসে ইতালির ওই তরুণের মাথায়। আর তা থেকেই জন্ম 50.20 সেন্টিমিটারের সরু গাড়িটির।
জানা গিয়েছে, 1993 সালের 1.46 মিটার চওড়া একটি ফিয়াট পান্ডা গাড়ি নিয়ে নানান পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন আন্দ্রেয়া। ওই তরুণ জানিয়েছেন, পুরনো গাড়িটির একটি বড় অংশ মাঝখান থেকে কেটে বাদ দিয়েছিলেন তিনি। এরপর বাকি অবশিষ্ট অংশের সাথে অন্যান্য যন্ত্রাংশগুলি জুড়ে ঝালাই করে একটি সরু গাড়ির কাঠামো তৈরি করে ফেলেন। ওই সরু গাড়িতে রয়েছে চারটি চাকা। তফাৎ একটাই অন্যান্য গাড়ির তুলনায় সেটি অত্যন্ত সরু। বলা চলে অর্ধেকেরও কম!
ইতালির ওই মেকানিক আরও জানান, গাড়িটিতে শুধুমাত্র একজন ব্যক্তি ভ্রমণ করতে পারবেন অর্থাৎ ওই গাড়িতে রয়েছে একটি মাত্র চালকের আসন। গাড়ির সামনে হেডলাইট থেকে শুরু করে গাড়িটিতে রয়েছে বৈদ্যুতিক মোটরও। তবে এই গাড়ির গতিবেগ খুব কম। আন্দ্রেয়ার কথায়, গাড়িটিকে একবার চার্জ দিলে সেটি 25 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। তবে এর সর্বোচ্চ গতিবেগ 15 কিলোমিটার। অর্থাৎ গাড়িটি সর্বোচ্চ গতিতে রাস্তায় চললেও সেটিকে টপকে যেতে পারবেন একজন সাইকেল আরোহী।
View this post on Instagram
আরও পড়ুন: ভারতকে ৩৬০ কিমি গতির ইভোলগা ট্রেন দেওয়ার প্রস্তাব রাশিয়ার, বদলে যাবে রেল পরিষেবা
জানা গেল, একক আসন বিশিষ্ট ওই গাড়ির ওজন 264 কেজি। গাড়িটির সামনে একটি হেডলাইট থাকলেও পেছনে রয়েছে দুটি ব্যাক লাইট। এছাড়াও রয়েছে চারটি জানালা। সঙ্গে চালকের সামনে একটি স্টিয়ারিং সহ সীমিত কিছু সুযোগ সুবিধা দেয়া হয়েছে গাড়িটিতে। সবচেয়ে বড় কথা, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের তরফে বিশ্বের সবচেয়ে সরু গাড়ির স্বীকৃতি দেওয়া এই ফোর হুইলারের নাম রাখা হয়েছে ফ্ল্যাট ফিয়াট।