সহেলি মিত্র, কলকাতা: বাংলার আবহাওয়ার (Weather Today) ফের রূপ বদল ঘটল। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ মঙ্গলবার বিশেষ করে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ থেকেই দক্ষিণে ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে আবহাওয়া যে একেবারেই শুষ্ক থাকবে সেটাও নয়। অন্যদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের (Cyclone) সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ কিংবা সম্ভবত একটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার ফলে পূর্ব ও মধ্য ভারতের কিছু অংশে আরও এক দফা ব্যাপক বৃষ্টিপাত হতে পারে।তবে, সিস্টেমটির গঠন, তীব্রতা এবং চূড়ান্ত গতিপথ নিয়ে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। বর্তমান মডেলের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে ওড়িশার দিকে অগ্রসর হতে পারে এবং এরপর দক্ষিণ ছত্তিশগড় ও বিহারের কিছু অংশের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।
আবহাওয়া সম্পর্কে বললে, মৌসুমী অক্ষরেখাটি এখন গত সমুদ্রপৃষ্ঠে নালিয়া, দক্ষিণ-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর গুজরাটের উপর অবস্থিত নিম্নচাপের কেন্দ্রস্থল, রাজগড়, দামোহ, পেন্দ্রা রোড, রাউরকেল্লা ও দিঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমমধ্য উপকূলের উপর অবস্থানরত ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমমধ্য উপকূলের উপর অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। বাদবাকি জেলা অর্থাৎ কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
বুধবারে থেকে আবার উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কালিম্পঙ জেলায়। সেইসঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন এদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে খবর।