আনিষা চৌধুরী, কলকাতা: জোর কদমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আশার আলো দেখালেন কেন্দ্রীয় সরকার। মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) নিয়ে নতুন সুখবর। চলতি বছরে দ্বিতীয় দফায় মহার্ঘ ভাতা বেশ কিছুটা বাড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। সূত্রের দাবি, এবার ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদি সত্যিই ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে বর্তমানে ৬০ শতাংশ থাকা মহার্ঘ ভাতা বেড়ে ৬৪ শতাংশ হতে পারে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এ বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
বছরে দু’বার বাড়ে মহার্ঘ ভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA সাধারণত বছরে দু’বার সংশোধন করা হয়। বছরের প্রথম কিস্তি কার্যকর হয় জানুয়ারি থেকে এবং দ্বিতীয় কিস্তি জুলাই মাস থেকে। চলতি বছরের জানুয়ারিতে ২ শতাংশ DA বাড়িয়ে তা ৬০ শতাংশ করা হয়েছিল। এবার জুলাইয়ের কিস্তিতে ফের ভাতা সংশোধনের সময় চলে এসেছে। মূলত AICPI-IW বা শিল্প শ্রমিকদের খুচরো মূল্যসূচকের ওঠানামার ভিত্তিতেই DA বৃদ্ধির হিসাব করা হয়। সেই হিসাবের নিরিখেই এবার ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
কতটা বাড়তে পারে টাকা?
DA ৬০ শতাংশ থেকে ৬৪ শতাংশ হলে সরাসরি মূল বেতনের উপর তার প্রভাব পড়বে। উদাহরণ হিসেবে, ১৮,০০০ টাকা বেসিক পে হলে বর্তমানে ১০,৮০০ টাকা DA পাওয়া যায়। ৪ শতাংশ বাড়লে সেটি বেড়ে হবে ১১,৫২০ টাকা। ২৫,৫০০ টাকা মূল বেতনের ক্ষেত্রে DA ১৫,৩০০ টাকা থেকে বেড়ে ১৬,৩২০ টাকা হতে পারে। একইভাবে ৩৫,৪০০ টাকা বেসিক পে হলে মহার্ঘ ভাতা ২১,২৪০ টাকার পরিবর্তে ২২,৬৫৬ টাকা এবং ৪৪,৯০০ টাকা বেসিক হলে ২৬,৯৪০ টাকার বদলে ২৮,৭৩৬ টাকা হওয়ার হিসাব সামনে এসেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অংকটা অনেকটাই বড়।
আরও পড়ুন: ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে কাটবে না চার্জ, জানিয়ে দিল সরকার
অর্থাৎ ৪ শতাংশ DA বৃদ্ধি হলে কর্মীদের হাতে প্রতি মাসে মূল বেতনের পাশাপাশি অতিরিক্ত অর্থ যোগ হবে। সেই কারণে উৎসবের মরসুমের আগে যদি এই ঘোষণা হয় তাহলে নিঃসন্দেহে সেটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট স্বস্তির খবর। পাশাপাশি অষ্টম বেতন কমিশন নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। তবে DA বৃদ্ধির ক্ষেত্রে এখনই নিশ্চিতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সেই কথা বলা যাচ্ছে না। কেন্দ্রের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত ছবি প্রকাশ পাবে।