আনিষা চৌধুরী, কলকাতা: পড়াশোনায় মেধাবী হলেও আর্থিক সমস্যার কারণে অনেক পড়ুয়ারই নিজেদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে পারে না। এতে পরোক্ষভাবে দেশের ভবিষ্যৎ নষ্ট হয়। তাই সব দিক বিবেচনা করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক স্কলারশিপ দেওয়া হয়। তবে সমস্যার বিষয় হলো, একজন পড়ুয়া সাধারণত একবারে একটিমাত্র সরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আর সরকারি স্কলারশিপের সামান্য টাকায় খুব বেশিদিন পড়াশোনা চালিয়ে যাওয়া যায় না। এতে কেবল সাময়িক সাহায্যটুকু পাওয়া যায়। তাই অনেক পরিবার সরকারি প্রকল্পের পাশাপাশি বেসরকারি স্কলারশিপেরও খোঁজ করেন। কিন্তু উপযুক্ত তথ্যের এবং প্রচারের অভাবে অনেকেই এই ধরনের সুযোগের কথা জানতে পারেন না। এই ধরনের পড়ুয়াদের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২৬-২৭ (JK Lakshmi Vidya Scholarship 2026-27)। JK Lakshmi Cement-এর উদ্যোগে এবং বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টাল (Vidyasaarathi Scholarship Portal)-এর সহযোগিতায় চালু এই বেসরকারি বৃত্তির মাধ্যমে বিভিন্ন স্তরের বিভিন্ন শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
কত টাকা বৃত্তি মিলবে?
এই বৃত্তি ব্যবস্থায় পড়ুয়ার শিক্ষার স্তর অনুযায়ী আর্থিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করা হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা ৫,০০০ টাকা, নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা ১০,০০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ১০,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি কলেজের পড়ুয়াদের জন্য বৃত্তির পরিমাণ ৩০,০০০ টাকা। ITI পড়ুয়াদের ১০,০০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সের পড়ুয়াদের ১৫,০০০ টাকা দেওয়া হবে। অন্যদিকে, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির পরিমাণ ৪০,০০০ টাকা।
কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে?
এই বৃত্তির আওতায় রাখতে গেলে কয়েকটি শর্ত পালন করতে হবে। এই স্কলারশিপের জন্য শুধুমাত্র ভারতীয় পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাইন্স, আর্টস্ এবং কমার্স-এর পড়ুয়ারা আবেদন করার সুযোগ পাবেন। পাশাপাশি সাধারণ ও প্রফেশনাল স্নাতক ডিগ্রি কোর্স, পোস্ট গ্র্যাজুয়েশন, ITI এবং Diploma কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও নির্দ্বিধায় এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয়েই এই বৃত্তির সুবিধা লাভ করতে পারেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হওয়া প্রয়োজন। SC, ST, OBC-A, OBC-B এবং General, সব শ্রেণির পড়ুয়ারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের সময় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র, শেষ পরীক্ষার মার্কশিট, স্কুল বা কলেজে ভর্তির চিঠি অথবা প্রতিষ্ঠানের বোনাফাইড সার্টিফিকেট, ভর্তির ফি-রসিদ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদনকারীর ব্যাংক পাসবুক এই ডকুমেন্টগুলির প্রয়োজন হবে।
আরও পড়ুন: ভারত বন্ধু সৌদি আরবে মিলল ‘গুপ্তধন’, মাটিতে লুকিয়েছিল ১১ কোটি টন বিরল খনিজ
কীভাবে আবেদন করবেন, কবে শেষ হচ্ছে আবেদন?
শুধুমাত্র অনলাইনেই এই স্কলারশিপের জন্য আবেদন করা সম্ভব। প্রথমে বিদ্যাসারথি স্কলারশিপ পোর্টাল-এ গিয়ে JK Lakshmi Vidya Scholarship বেছে নিতে হবে। এরপর সংশ্লিষ্ট ক্লাস বা কোর্সের জন্য নতুন আবেদন নাকি পুনরায় আবেদন করা হচ্ছে, তা নির্বাচন করতে হবে। নতুন আবেদনকারীদের নাম, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের পর ই-মেল আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রয়োজনীয় শিক্ষাগত ও পারিবারিক তথ্য ঠিকঠাক ভাবে দিতে হবে। এরপর নির্দিষ্ট নথিগুলি আপলোড করে আবেদনপত্র ভালোভাবে যাচাই করার পর ফাইনাল সাবমিট (Final Submit)-এ ক্লিক করতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হয়েছে ৮ আগস্ট, ২০২৬ থেকে। আবেদনের শেষ দিন ১৫ সেপ্টেম্বর, ২০২৬।