মোবাইলের কিস্তি শোধ না করায় যুবকের শরীর থেকে রক্ত বের করে নিল দোকান মালিক

অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: লখনউতে এক মোবাইল দোকানের মালিকের বিরুদ্ধে উঠলো চাঞ্চল্যকর অভিযোগ। জানা গেছে যে, তিনি মোবাইল ফোনের কিস্তির টাকা (Phone EMI) পরিশোধে ব্যর্থ এক যুবককে জোর করে তুলে নিয়ে গেছেন। তবে ঘটনাটি শুধু অপহরণ অবধিই থেমে থাকেনি। অভিযোগ করা হয়েছে যে, ওই মোবাইল দোকানের মালিক যুবকটিকে একটি ব্লাড ব্যাংকে নিয়ে যান এবং সেখানে জোর করে তার শরীর থেকে রক্ত বের করে নেওয়া হয়। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর লখনউয়ের নিগোহা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মোবাইল কেনার টাকা শোধ না করায় জোর করে রক্ত নেওয়া হল যুবকের

ভুক্তভোগী যুবকের পরিবারের দাবি, তিনি এক বছর আগে নিগোহা এলাকার একটি দোকান থেকে ২১,৫০০ টাকা দিয়ে স্যামসাংয়ের একটি স্মার্টফোন কিনেছিলেন এবং প্রতি মাসে ২,৭৯৯ টাকার ১২টি কিস্তিতে সেই ফোনের দাম পরিশোধ করার শর্তে রাজি হন। কিন্তু অভিযোগ, প্রথম কিস্তির টাকা দিতেই ব্যর্থ হন তিনি। এরপরই দোকানদার লোক পাঠিয়ে ওই যুবকের বাড়ি থেকে ফোনটি ফেরত নিয়ে আসেন।

এরপর ৮ সেপ্টেম্বর দুজন ব্যক্তি তাঁর বাড়িতে এসে তাঁকে জোর করে তুলে নিয়ে যান। ওই যুবকটির দাবি, অপহরণ করে তাঁকে লখনউয়ের একটি ব্লাড ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে জোরজবরদস্তি করে তাঁর শরীর থেকে এক ইউনিট রক্ত নিয়ে নেওয়া হয়। এরপর তাকে সদর অঞ্চলের একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়।

আরও পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে এই রেশন কার্ড, এখনই এভাবে চেক করুন স্ট্যাটাস

সেখানে ওই যুবককে বেধড়ক মারা হয় এবং জোর করে বিভিন্ন কাজও করিয়ে নেওয়া হয়। তার পরিবারের অভিযোগ, তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত যুবকের পরিবার তরফে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানানো হয়। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পাঁচ দিন পর লখনউয়ের একটি বাড়ি থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। বর্তমানে পুলিশ অভিযুক্ত দোকান মালিকের খোঁজ চালাচ্ছে। 

Leave a Comment