অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: জানা গিয়েছিল আগেই। এবার দিঘা গেটের (Digha Gate) মাথা থেকে সরলো পূর্বতন সরকারের ব্র্যান্ডিং হিসেবে ব্যবহৃত ‘বিশ্ব বাংলা’ লোগো (Biswa Bangla Logo)। এই লোগো সরানোর কাজের জন্য সোম ও মঙ্গলবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) ধরে ১১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে গত রবিবারই ঘোষণা করেছিল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। পূর্ব পরিকল্পনা মতোই মঙ্গলবার দিঘা গেটের মাথা নামানো হল বিশাল লোগোটি।
দিঘা গেট থেকে সরলো তৃণমূল সরকারের ব্র্যান্ডিং ‘বিশ্ব বাংলা’ লোগো
পূর্বতন সরকারের আমলে ২০১৪ সালের নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলার ঘেরসাই মৌজায় নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের ওপর ‘দিঘা গেট’ বা ‘গেটওয়ে অফ দিঘা’ নির্মাণ করা হয়। মাছ ধরার নৌকার আদলে তৈরি এই গেটটি উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতি উৎসর্গীকৃত। এই গেটের মাথায় সরকারি লোগো হিসেবে বিশ্ব বাংলা লোগোটি বসানো ছিল।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিজেপি সরকার ক্ষমতায় আসতেই আগের সরকারের আমলে ব্যবহৃত বিশ্ব বাংলা লোগোটি বিভিন্ন সরকারি প্রতীক ও প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার জানিয়েছে যে, কোনো ব্যক্তির দ্বারা তৈরি করা লোগো রাজ্য সরকারের প্রধান বা আনুষ্ঠানিক পরিচিতি হিসেবে ব্যবহৃত হতে পারে না। এক্ষেত্রে ভারতের জাতীয় প্রতীক, অশোক স্তম্ভকেই সরকারি কাজে ব্যবহারের জন্য সবচেয়ে উপযুক্ত ও মর্যাদাপূর্ণ প্রতীক হিসেবে গণ্য করা হবে।
আরও পড়ুন: মাদ্রাসায় যৌন হেনস্থা, বিজেপির প্রার্থী ঘোষণা…! আজকের সেরা ১০ (১৫ সেপ্টেম্বর)
সরকারের অভিমত হল, ‘বিশ্ব বাংলা’ লোগোটি দীর্ঘকাল ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্র্যান্ডিং বা পরিচিতি হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। সরকারি সম্পত্তি ও নথিপত্রকে যেকোনও দলীয় প্রভাব বা পক্ষপাত থেকে মুক্ত রাখার লক্ষ্যেই এই পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের আমলে এই লোগোর মালিকানা ও বৈধতা নিয়ে নানা সময়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকার সমস্ত সরকারি নথিপত্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও তোরণগুলি থেকে পুরনো লোগোটি সরিয়ে একটি সুসংহত ও আদর্শ প্রশাসনিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে রয়েছে। এই পদক্ষেপেরই অংশ হিসেবে এখন দিঘা গেটের মাথা থেকে সরলো বহু চর্চিত বিশ্ব বাংলা লোগো।