সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সুখবর। অবশেষে বর্ষার শেষে জঙ্গলপ্রেমীদের জন্য খুলে চিলাপাতার জঙ্গল (Chilapata Forests)। অর্থাৎ পুজোর আবহে ডুয়ার্স (Dooars) যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। এদিকে জঙ্গল খোলার আগে রীতি মেনে পুজো করা হল। দীর্ঘ তিন মাস ধরে বন্ধ থাকার পর বিখ্যাত চিলাপাতার জঙ্গল খুলে যাওয়ায় খুশির হাওয়া বইছে পর্যটকদের মধ্যে।
আজ থেকে খুলে গেল চিলাপাতার জঙ্গল
জানা গিয়েছে, আজ বুধবার থেকে খুলল জঙ্গল। যদিও জঙ্গল খোলার আগে গতকাল মঙ্গলবার ডুয়ার্সের চিলাপাতায় মহাকাল পুজো। এদিন একদম প্রথা মেনে চিলাপাতার জঙ্গলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত গাইড, সাফারি চালক, লজ ব্যবসায়ী ও বনদফতরের কর্মী, সকলে মিলে মহাকাল পুজোর আয়োজন করেন। বছরের পর বছর ধরে জঙ্গল খোলার আগে রীতি মেনে সকলের এই পুজো করেন। এদিকে জঙ্গল খোলার প্রথম দিনেই একদম জমজমাট হয়ে উঠেছে জঙ্গল চত্ত্বর।
ঢল নেমেছে পর্যটকদের
বর্ষার কারণে একটানা তিন মাস বন্ধ রাখা হয় চিলাপাতার জঙ্গল। এই সময়টায় পর্যটকদের প্রবেশ একদমই বন্ধ থাকে, বন্ধ করে দেওয়া হয় জঙ্গল সাফারিও। বর্ষা শেষে জলদাপাড়া, চিলাপাতা এবং বক্সা জঙ্গলে চালু হয়ে গেছে জঙ্গল সাফারি। দেখা গেল পর্যটকদের ঢল। ডুয়ার্সের রত্ন নামে পরিচিত এই চিলাপাতা জঙ্গল জলপাইগুড়ি জেলায় অবস্থিত জলদাপাড়া অভয়ারণ্যের কাছেই রয়েছে। এই চিলাপাতার জঙ্গল হল এক শৃঙ্গ গণ্ডার, চিতা এবং বন্য শূকরের জন্য বিশেষ পরিচিত।
আরও পড়ুনঃ ২৫ সেপ্টেম্বরের আগে অবশ্যই করুন এই কাজ, নাহলে সাসপেন্ড হয়ে যেতে পারে ড্রাইভিং লাইসেন্স
জলপাইগুড়ি জেলার জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্যের নিকটবর্তী ঘন জঙ্গল চিলপাতা একসময় ডাকাতদের জন্য কুখ্যাত ছিল, কিন্তু এখন এটি নিরাপদ এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। জঙ্গলটি আলিপুরদুয়ার শহর থেকে ২৮ কিমি দূরে অবস্থিত এবং গাড়িতে যেতে এক ঘণ্টারও কম সময় লাগে। এখানে ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। ডুয়ার্সের চিলাপাতার গভীর অরণ্যের এক প্রান্তে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প। গামার ,কাঞ্চন সোনালু,গাছের আড়ালে মেন্দাবাড়ির মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে। জঙ্গলের মধ্যে বানিয়া নদীর তীরে গুপ্ত যুগে তৈরি মেন্দাবাড়ির দুর্গ আপনাকে মন্ত্রমুগ্ধ করে রেখে দেবে।