বিক্রম ব্যানার্জী, কলকাতা: সৌদি আরবে (Saudi Arabia) আটকে থাকা ভারতীয় ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে নজিরবিহীন উদ্যোগ নিলেন উত্তরাখণ্ডের (Uttarakhand ) সাধারণ মানুষ। জানা যাচ্ছে, ইন্দ্রমণি নৌটিয়াল নামক ওই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই রাজ্যটির আমজনতার দেওয়া অর্থ থেকে 1 কোটি 80 লাখ টাকার সংগ্রহ করা গিয়েছে। আসলে সৌদির সরকার এই ভারতীয়র উপর মোটা অঙ্কের জরিমানা চাপানোয় সেই অর্থ জোগাড় করে বাবাকে ফেরাতে কোমর বাঁধেন মেয়ে দীপিকা নৌটিয়াল। আর সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যেতেই সাহায্যের জন্য এগিয়ে আসেন সাধারণ মানুষ।
ভারতীয় ব্যক্তিকে দেশে ফেরাতে টাকা দিচ্ছে সাধারণ মানুষ
ANI এর রিপোর্ট অনুযায়ী, 2017 সালে প্রথমবারের মতো গাড়ি চালকের কাজ নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গৌরসৌড়া গ্রামের বাসিন্দা ইন্দ্রমণি। আর সে দেশে পা রাখার এক বছরের মধ্যেই ঘটে বিপত্তি। 2018 সালে তাঁর গাড়ি সংক্রান্ত একটি ঘটনায় মৃত্যু হয় এক সৌদি নাগরিকের। আর সেই ঘটনায় ওই ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয় মামলা। পরবর্তীতে ওই মামলার ভিত্তিতে তাঁকে এক বছর জেল খাটতে হয়েছিল। এখানেই শেষ নয়, জরিমানা বাবদ সৌদি আরবের সরকার তাঁকে 9 লক্ষ সৌদি রিয়াল দিতে বলেছিল। ভারতীয় মুদ্রায় যে পরিমাণটা প্রায় 2 কোটি টাকা।
জানা গিয়েছে, জেল মুক্তি হলেও বিপুল অর্থের জরিমানা মেটাতে না পারায় সৌদি আরবেই দীর্ঘদিন আটকে রয়েছেন ওই ভারতীয়। এমতাবস্থায়, বাবাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় মেয়ে দীপিকা। ইন্দ্রমণিকে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের কাছেও চিঠি লেখেন তিনি। এদিকে মেয়ের বাবাকে ফিরিয়ে আনার আবেদনের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাহায্যের জন্য এগিয়ে আসেন সাধারণ মানুষ। ময়দানে নামেন সমাজকর্মীরাও।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করল এই দেশ! আর দেওয়া হবে না ভিসা
অন্যদিকে, বাবাকে ফিরিয়ে আনতে মেয়ের এমন প্রচেষ্টা দেখে নরেন্দ্র মোদির সরকারের কাছে চিঠি লেখে উত্তরাখণ্ড সরকার। তবে মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল মোটা টাকার জরিমানা। যদিও সর্বশেষ তথ্য অনুযায়ী, সাধারণ মানুষের দেওয়া অর্থে বাবাকে ফিরিয়ে আনতে এ পর্যন্ত 1 কোটি 80 লাখ টাকা সংগ্রহ করতে পেরেছেন মেয়ে দীপিকা। তবে সবমিলিয়ে প্রয়োজন মোট 2 কোটি 29 লাখ। দীপিকার আশা, সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তাতে বাকি অর্থও জোগাড় হয়ে যাবে। আর তারপরেই বাবাকে ভারতে ফিরিয়ে আনতে পারবেন তিনি।