পুজোর আগেই ফেরত দিতে হবে রোজভ্যালির টাকা, বড় রায় হাইকোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: চিটফান্ডে টাকা রেখে সর্বস্ব হারানো বিনিয়োগকারীদের জন্য অবশেষে সুখবর। পুজোর আগেই রোজভ্যালি (Rose Valley) আমানতকারীদের ফেরত দিতে হবে তাদের অর্থ। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের পরিপ্রেক্ষিতে এডিসি কমিটি আদালতকে আশ্বাস দিয়েছে, তারা পুজোর আগেই ৫০০ কোটি টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এমনকি রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আগামী ছয় মাসের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করতে হবে বলেও জানিয়েছে হাইকোর্ট।

রোজভ্যালির টাকা ফেরত পাবে আমানতকারীরা

এদিন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। সেখানে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা এবং অসম এই চিটফান্ড কেলেঙ্কারির আখড়া তা বলা চলে। সেই সময় গৌতম কুণ্ডুর নেতৃত্বাধীন রোজভ্যালি গ্রুপ কম সময়েই টাকা ডবল করার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ বিনিয়োগকারীদের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। এমনকি ইডির তথ্য অনুযায়ী প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল বলেই অভিযোগ। আর সেই মামলাতেই আজ গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট।

অভিযোগ, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা সেবির বৈধ অনুমোদন ছাড়াই বাজার থেকে টাকা তুলত ওই সংস্থা। বিশেষ করে গ্রামীণ মধ্যবিত্ত পরিবারগুলিকে প্রতারণার চক্রে ফাঁসানো হত। আনুমানিক ৬০ লক্ষের বেশি মানুষ বেশি সুদের আশায় নিজেদের উপার্জনের টাকা এই চিটফান্ড সংস্থায় বিনিয়োগ করেছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। যদিও ২০১৫ সালে রোজভ্যালির ডিরেক্টর গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে তৃণমূলের আমলে একটা টাকাও ফেরত পাননি বিনিয়োগকারীরা।

আরও পড়ুন: “এই সরকার শুধু ভাতা দিতে আসেনি” অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

পরবর্তী সময়ে তদন্তকারী সংস্থাগুলি ওই কোম্পানির একাধিক হোটেল, জমি, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিলাসবহুল গাড়িগুলি বাজেয়াপ্ত করেছিল। এমনকি আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে বিশেষ কমিটি গঠন করা হয়। তবে সেই মামলার রায়ে আজ বিচারপতির ডিভিশন বেঞ্চকে ওই কমিটি স্পষ্ট জানিয়েছে, পুজোর আগেই বিনিয়োগকারীদের ৫০০ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে, এবং আগামী ছয় মাসের মধ্যে রোজভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রয় করে আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া শুরু হবে। আপাতত হাইকোর্টের এই সিদ্ধান্তে যে বিনিয়োগকারীরা কিছুটা আশার আলো দেখছেন তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment