ইস্টবেঙ্গল সহ তিন প্রধানের সমর্থক? ডিসকাউন্টে পাবেন ভারত-ব্রাজিল, উরুগুয়ে ম্যাচের টিকিট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অক্টোবরেই শহরে ফুটবল বিশ্বের দুই তাবড় তাবড় দল ব্রাজিল (India Vs Brazil) এবং উরুগুয়ের মুখোমুখি হবে ভারত (India Friendly Match)। তার আগে বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ম্যাচ রয়েছে জাতীয় দলের। আর এই তিন ম্যাচ দেখার জন্য অতিরিক্ত ছাড়ে টিকিট কাটতে পারবেন 3 ময়দান প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের সমর্থকরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, শহরে হাজির হয়ে সে কথাই ঘোষণা করে দিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

তিন প্রধানের সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা

এর আগে, যুবভারতীর মূল ময়দান এবং প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শন করে গিয়েছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল টিমের সদস্যরা। প্রীতি ম্যাচ আয়োজনের জন্য কী ধরনের মাঠ প্রয়োজন সেই সবটাই বুঝিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই মতোই, শুরু হয় মাঠ তৈরির কাজ। শোনা যাচ্ছে, বর্তমানে যুবভারতীর মাঠের যা অবস্থা তাতে খুশি ব্রাজিল দল। এরই মাঝে বৃহস্পতিবার যুবভারতীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের জন্য 14 হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে।

এদিন ফেডারেশন সভাপতি জানালেন, মাঠে দু দিকের গোলপোস্টের পেছনে অর্থাৎ বি2 এবং ডি2 বিভাগের টিকিট থাকবে তিন প্রধানের সমর্থকদের জন্য। এছাড়াও তিন ময়দান প্রধানের তাবু থেকে অতিরিক্ত ছাড়ে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। IFA এর তালিকায় নাম রয়েছে এমন ক্লাবগুলিকেও টিকিটের ছাড় দেওয়া হবে। ক্লাবগুলো চাইলে কত টিকিট লাগবে সমর্থকদের জন্য সেটা IFA কে জানিয়ে দিলেই টিকিট দেওয়া হবে। এক কথায় বলাই যায়, অতিরিক্ত ছাড়ে তিন ম্যাচের টিকিট কিনতে পারবেন তিন প্রধানের সদস্য এবং সমর্থকরা।

 

আরও পড়ুন: কমিশনের নির্দেশে প্রতীক বেছে নিয়েই বিরাট সিদ্ধান্তের পথে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, বিভিন্ন জেলার ফুটবল প্রিয় মানুষজন যাতে ভারত বনাম ব্রাজিল, উরুগুয়ের ম্যাচ উপভোগ করতে পারেন সেজন্য জেলায় জেলায় ফ্যান পার্ক আয়োজন করা হতে পারে। লাগানো হতে পারে জায়ান্ট স্ক্রিন। সেখানেই ভারতের প্রীতি ফুটবল ম্যাচ দেখতে পারবেন সাধারণ মানুষ। শোনা যাচ্ছে, ব্রাজিল ফুটবল সংস্থার তিন সদস্য বর্তমানে শহরে রয়েছেন। তাঁদের দেখানো পথেই নাকি তৈরি হচ্ছে যুবভারতীর মাঠ। 

Leave a Comment