“ওর মধ্যে এখন থেকেই এসব..” বৈভবকে নিয়ে বড় মন্তব্য রশিদ খানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে গো হারা হারিয়েছে ভারত (Team India)। যদিও সেই সিরিজের অংশ ছিলেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই ভারতীয় ক্রিকেটারকে সুযোগ না দেওয়ায় যথেষ্ট হতাশ ভক্তরা। আফগানিস্তান সিরিজে সুযোগ পেলে একাধিক রেকর্ড গড়তে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত তা না হওয়ায় কিছুটা হলেও কষ্ট পেয়েছেন ভারতের 15 বছর বয়সী খুদে তারকা। তবে এসবের মধ্যেও প্রতিপক্ষ দল আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান বৈভবের ভুয়সী প্রশংসা করেছেন।

বৈভবকে নিয়ে মুখ খুললেন রশিদ খান

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব প্রসঙ্গে কথা বলতে গিয়েই রশিদ খান বললেন, “আমি যেমনটা বলে এসেছি নির্ভীক ক্রিকেট। বৈভব নিজের প্রত্যেকটা শট চেন। ওর নিজের দক্ষতার উপর পুরো ভরসা আছে। যেকোনও দল বা যেকোনও বোলারের বিপক্ষে খেলার পরিকল্পনা ওর তৈরি থাকে। এত অল্প বয়সে এসব জিনিস খুব কমই দেখা যায়। সাধারণত এসব সময়ের সাথে সাথে আসে, কিন্তু ওর মধ্যে এখন থেকেই এসব রয়েছে।”

বৈভব সূর্যবংশীর নির্ভীক ক্রিকেটের প্রশংসা করেছেন রশিদ। বলেছেন, “নির্ভীকভাবে ক্রিকেট খেলার ধরণই বৈভবকে অন্যদের থেকে আলাদা করেছে। তাঁর শক্তি, হাত ও চোখের মধ্যে যে সমন্বয় রয়েছে সেটা অসাধারণ। ও ঈশ্বরের দেওয়া এক প্রতিভা।” এরপরই আফগানিস্তানের তারকা ক্রিকেটার বললেন, “সত্যি বলতে গেলে ওই বয়সে আমি এতটা প্রতিভাবান ছিলাম না। আমার দক্ষতা ছিল ঠিকই, কিন্তু আমি জানি না ওর বয়সে অত বড় বড় ছক্কা মারতে পারতাম কিনা। ও একজন অনন্য প্রতিভা এটা মানতেই হবে।”

আরও পড়ুন: বাংলাদেশে বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে গেল চোরে, ক্ষতিপূরণ চাওয়া হয় স্থানীয়দের কাছে

আফগান তারকা মনে করেন, শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরা নয় বরং ভারতীয় দলের হয়েও বারবার বৈভব সূর্যবংশী নিজের ক্ষমতা প্রমাণ করেছেন। সে কারণেই বৈভব সূর্যবংশী একজন বিশেষ ক্রিকেটার। আফগানিস্তানের তারকা অলরাউন্ডারের বৈভবকে নিয়ে এমন প্রশংসা শুনে আপ্লুত বিহারের তারকা ক্রিকেটারের ভক্তরাও।

Leave a Comment