খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে দামি তামার তার চুরি দুষ্কৃতীদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিনব চুরি বাঁকুড়ায় (Bankura)। জেলার পাত্রসায়ের থানার অন্তর্গত কুশদীপ এলাকায় রাতের অন্ধকারে খুঁটি থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার মাটিতে ফেলে তার ভিতর থেকে মূল্যবান তামার তার লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এমনকি একই সঙ্গে চুরি গিয়েছে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহৃত পাম্প মেশিন এবং অন্যান্য সরঞ্জাম। এই নজিরবিহীন চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ।

ট্রান্সফরমার ভেঙে তামার তার চুরি বাঁকুড়ায়

স্থানীয় সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নিত্যদিনের মতো ঘটনার আগের রাতেও এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু সকালে স্থানীয় বাসিন্দারা মাঠে গিয়ে দেখতে পান যে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারটি নামিয়ে মাটিতে ফেলে রাখা হয়েছে এবং সেটির ভিতরের যন্ত্রাংশ সম্পূর্ণ গায়েব। দুষ্কৃতীরা কৌশল মারফত ওই ট্রান্সফরমারটি নামিয়ে তার মধ্যে থাকা দামি তামার তার কেটে নিয়ে পালিয়েছে বলেই অভিযোগ বাসিন্দাদের। এমনকি পার্শ্ববর্তী জমিতে সেচকাজের জন্য বসানো দামি পাম্প মেশিন এবং অন্যান্য বৈদ্যুতিক সামগ্রীও চুরি হয়েছে বলে দাবি।

এই চুরির ঘটনায় কুশদীপ এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি কৃষিপ্রধান ওই এলাকায় কৃষকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ট্রান্সফরমার এবং পাম্প মেশিন চুরি হওয়ার কারণে জমিতে জলসেচের কাজ সম্পূর্ণ বিপর্যস্ত। এমনকি দ্রুত সমস্যার সমাধান না হলে ব্যাপক ক্ষতির আশঙ্কাও করছেন কৃষকরা। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে তৈরি হয়েছে চরম ক্ষোভ।

আরও পড়ুন: মমতাসহ ১৪ জনকে হারানোর পরিকল্পনা করেছিলেন অভিষেক! বিস্ফোরক ঋতব্রত

স্থানীয় এক বাসিন্দার দাবি, এলাকায় বেশ কিছু দিন ধরেই চোর-দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। রাতের অন্ধকারে পুলিশের নজরদারির অভাবেই এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে গোটা এলাকায়। ইতিমধ্যেই স্থানীয় বিদ্যুৎ দফতর এবং থানায় চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অবিলম্বে ওই দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং নতুন ট্রান্সফরমার ও পাম্পের ব্যবস্থা করে এলাকার মানুষজনকে ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে।

Leave a Comment