রেজিনগর উপনির্বাচনে কোমর বেঁধে নামছে তৃণমূল! প্রচারে মমতা-অভিষেক সহ ২০

আনিষা চৌধুরী, কলকাতা: পাখির চোখ রেজিনগর বিধানসভা উপনির্বাচন (Rejinagar By-election)। এই নির্বাচনকে সামনে রেখেই প্রচারের বিরাট আয়োজন শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। রবিউল আলম চৌধুরীর (Rabiul Alam Chowdhury) হয়ে প্রচারে নামবেন দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একাধিক পরিচিত মুখ। রবিবার মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে ২০ জনের প্রচারক তালিকা। সেই তালিকায় রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ অক্টোবর সংঘটিত হতে চলেছে রেজিনগরে উপনির্বাচন। তার আগে দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে মাঠে নামানোর সিদ্ধান্ত প্রভাব খেলতে চলেছে নির্বাচনে, এমনটাই মনে করা হচ্ছে।

প্রকাশিত তালিকায় রয়েছেন কারা?

প্রকাশিত তালিকা অনুযায়ী, রেজিনগরে রবিউল আলম চৌধুরীর হয়ে প্রচারে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অধ্যাপক সৌগত রায়, দোলা সেন, সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, কুণাল ঘোষ, বাবর আলি, পীরজাদা কাসেম সিদ্দিকী, আলিফা আহমেদ, মহম্মদ আলি, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর, অর্ণব বন্দ্যোপাধ্যায়, উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা অধিকারী এবং ময়না বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তালিকায় দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাংসদ, বিধায়ক ও অন্যান্য পরিচিত নেতানেত্রীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রেজিনগর উপনির্বাচনে রবিউল আলম চৌধুরীর প্রার্থিতা নিয়ে গত কয়েক দিনে একাধিকবার একাধিক কারণে পরিস্থিতির বদল ঘটেছে। বলে রাখা ভালো, শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রথমে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন রবিউল। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, নতুন নির্বাচনী প্রতীক নিয়ে কর্মী ও ভোটারদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। পরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ফের ভোটে নিজের মনোনয়ন জারি রাখার সিদ্ধান্ত জানান তিনি। ফলে রেজিনগরে মমতা শিবিরের প্রার্থী হিসেবে রবিউলই থাকছেন।

আরও পড়ুন: পেট্রোল পাম্পে ২০০০ টাকার ঊর্ধ্বে বন্ধ UPI? জানিয়ে দিল ইন্ডিয়ান অয়েল

এর মধ্যেই রবিবার প্রকাশ্যে এল প্রচার কার্যে মাঠে নামবেন এমন ২০ জনের তালিকা। শনিবার রবিউলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি। তার পরের দিনই প্রকাশ করা হল এমন একটি তালিকা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু’জনের নামই রয়েছে। ফলে আগামী দিনে রেজিনগরে প্রচারের ছবিটা কেমন হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment