প্রীতি পোদ্দার, কলকাতা: গত মাসে পার্কস্ট্রিটে (Park Street) দুধগরম কাণ্ড নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ফুটপাতবাসী অসহায় সীতাদেবী। চরম বিতর্ক শুরু হয়েছিল মন্ত্রী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) নিয়ে। শোনা গিয়েছিল কিছুদিন আগে সরকার থেকে সীতা দেবী এবং তাঁর পরিবারের জন্য তাঁদের পছন্দমতো জায়গায় বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরে সীতা দেবীকে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সেই সীতার সংসার নিয়ে ফের আপডেট দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul Sita Devi)।
সীতাদেবীর প্রসঙ্গ টানলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, সোমবার, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফুটপাতবাসী অসহায় সীতাদেবীকে কেন্দ্র করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে ক্যাপশনে তিনি জানিয়েছিলেন যে, “আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই Park Street – এর সীতা দেবীর কথা। অনেক জলঘোলা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনাদের থাকার এবং জীবিকার ব্যবস্থা করে দেন। তারপরও কিছু বিরোধী দলনেতা সেই সময় অনেক প্রশ্ন করেছিলেন আমাদের সরকারের কাছে। অনেকদিন হয়ে গেল সেই ঘটনার, কিন্তু আজও সেই বিরোধী দল গুলো তাঁদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
টাকার লোভ দেখাচ্ছেন বিরোধীরা?
বিরোধীদের কটাক্ষ করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন যে, “আজও সেই বিরোধী দল গুলোর কিছু মাথা সামনে না এসে অন্য রাস্তায়, অন্য কিছু মানুষকে ব্যবহার করে এই পরিবার টিকে বারবার যোগাযোগ করছেন, টাকার লোভ দেখিয়ে আমাদের সরকারের বিরুদ্ধে বলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারটি আজ বিরক্ত হয়ে গেছে। কেন তাদের বার বার যোগাযোগ করা হচ্ছে, টাকার লোভ দেখানো হচ্ছে? অবশেষে আজ ক্যামেরার সামনে মুখ খুললেন সেই পরিবার, শুনে দেখুন কী বলছেন তারা।”
আরও পড়ুন: বালুরঘাট থেকে কলকাতা যাতায়াত করুন ডিলাক্স বাসে, জেনে নিন এর রুট ও সময়সূচি
ভিডিওতে সীতাদেবী অভিযোগ করেন যে, “মিডিয়ার লোকেরা আমাদের সর্বক্ষণ অতিষ্ট করে চলেছে। রাস্তাঘাটে যাতায়াত করা যাচ্ছে না। আপনারা তো জানেন সরকারের তরফ থেকে ঘর এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদেরকে জোর করে বলানোর চেষ্টা করা হচ্ছে যে সরকার আমাদের কিছু দেয়নি। ঘর এবং কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেয়নি। এর জন্য মিডিয়ার লোকেরা আমাকে ১০০০ টাকা, ৫০০ টাকাও দিতে চাইছে। কিন্তু সরকার আমাদের যথাযথ সাহায্য করছে। আমার প্রশ্ন কেন মিডিয়ার লোকেরা আমাদের এত অতিষ্ঠ করছে সবসময়।” তবে সীতা দেবীর এই প্রতিক্রিয়া নিয়ে এখনো বিরোধীদের তরফে কোনোরকম মন্তব্য করা হয়নি।