স্কুলে বোরকা পরে আসা নিষিদ্ধ করার পথে ইতালি, বিদেশি পড়ুয়াদের নিয়েও আসছে নতুন নিয়ম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্কুলে পরে আসা যাবে না বোরখা, নেকাব! এবার বড় সিদ্ধান্তের পথে ইতালির সরকার। জানা যাচ্ছে, জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) দেশে (Italy) শিক্ষার্থীদের ড্রেস কোড নিয়ে নতুন নিয়ম চালু হতে পারে। গতকাল অর্থাৎ রবিবার স্কুলে পড়ুয়াদের বোরকা, নেকাব পরা নিয়ে নয়া ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, ইতালির স্কুলগুলিতে প্রত্যেক শ্রেণীকক্ষে সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি পড়ুয়া থাকতে পারবে, তা নিয়েও নতুন আইন আনতে পারে ইতালি সরকার। এ নিয়ে সেদেশের মন্ত্রিসভায় রাখা হতে পারে প্রস্তাব।

ইতালিতে আসছে নয়া নিয়ম

সামনেই ইতালিতে সাধারণ নির্বাচন। 2027 সালের সেই নির্বাচনের আগে অভিবাসীদের ইতালির সাধারণ মানুষের সাথে মানিয়ে নেওয়ার বিষয়টি প্রচারের অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার, নিজের দল ব্রাদার্স অফ ইতালির যুব শাখার এক সমাবেশে হাজির হয়েছিলেন মেলোনি। সেখানে উপস্থিত হয়ে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, প্রত্যেক শ্রেণিকক্ষে সর্বোচ্চ কত সংখ্যক বিদেশি শিক্ষার্থী থাকতে পারবে, সেটাকে আইনি কাঠামোয় নিয়ে আসতে খুব শীঘ্রই মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করা হবে।

এখানেই শেষ নয়, ইতালির প্রধানমন্ত্রী আরও জানান, যেসব বিদেশী শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার সাথে মানিয়ে নিতে পারছেন না তাদের পরিবারের সদস্য বিশেষ করে বাবা মাকেও ইতালিও ভাষা শিখতে হবে। একই সাথে স্কুলে পড়ুয়াদের বোরকা পরা বা নেকাব পরে আসা নিষিদ্ধ করার বিষয়টিও ওই প্রস্তাবে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মেলোনি।

প্রসঙ্গত, এর আগে শেষবারের মতো গত জুলাই মাসে ইতালিতে বোরকা ব্যবহারের উপর কড়াকড়ি বা কঠিন বিধি নিষেধ আরোপ করার দাবি তুলেছিল ন্যাশনাল ফিউচার পার্টি। অনেকেই বলেন, রাজনৈতিক অবস্থানের দিক থেকে জর্জিয়া মেলোনির দলের থেকেও বেশি কট্টরপন্থী ও ডানপন্থায় বিশ্বাসী এই দল। গত ফেব্রুয়ারি মাসে ইতালির রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল দলটি। এরপর থেকে দ্রুততার সাথে সে দেশের জনপ্রিয়তা অর্জন করেছে তারা।

আরও পড়ুন: পুরোহিত ডেকে তৃণমূলের প্রতীক ‘জোড়াফুলের শ্রাদ্ধ’, চরম শোরগোল কাটোয়ায়

জানিয়ে রাখি, ইতালির কোনও স্কুল বা পাবলিক প্লেসে সরকারিভাবে বোরকা পরার উপর কোনও নিষেধাজ্ঞা আরোপের নির্দিষ্ট আইন নেই। 1975 সালের একটি আইনে বলা আছে কিছু কারণ ছাড়া মুখ বা পরিচয় ঢেকে রাখে এমন হেলমেট বা পোশাক পরা যাবে না। পরবর্তীতে 2008 সালে ইতালির সর্বোচ্চ প্রশাসনিক আদালত জানিয়ে দেয় ধর্মীয় সংস্কৃতির কারণে পুরো মুখ ঢাকা থাকে এমন পোশাক পরা যাবে। তবে পরিচয় জানানোর জন্য পোশাক সরানো যাবে। তবে চলতি বছরের শুরুতে ইতালিতে একটি বিল প্রস্তাব করা হয়। সেখানে বলা হয়, ধর্মীয় উপাসনাস্থল বা অন্য ক্ষেত্রে বোরকা বা মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করতে হবে।

Leave a Comment