সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতীক এবং দলের নাম খুইয়ে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করেছে কমিশন। অন্তর্বর্তী নির্দেশ হিসেবে আগামী ৬ অক্টোবর উপনির্বাচনকে সামনে রেখে দুই শিবিরকে দুটি পৃথক প্রতীক এবং নাম বরাদ্দ করেছে ইসিআই। তবে সুপ্রিম কোর্টে মমতার তরফ থেকে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বল। সেই সূত্রে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, দ্রুত শুনানির চেষ্টা করা হবে।
সুপ্রিম কোর্টে ‘প্রতীক ফ্রিজ’ মামলায় স্বস্তি মমতার
জোড়াফুল কার, মমতার কালীঘাট শিবিরের নাকি নিজেদের আসল তৃণমূল দাবি করা ঋতব্রত পন্থীদের, এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। দুই তৃণমূলের প্রতিনিধিদেরই সম্প্রতি তলব করে কমিশন। তবে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী নির্দেশ হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল প্রতীক ফ্রিজ করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। এমনকি ইসিআই-র তরফ থেকে জানানো হয়েছে, দল কার, প্রতীক কার বা আসল তৃণমূল কে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।
এদিকে উপনির্বাচনে মমতাপন্থী শিবিরের প্রতীক হিসাবে ফুটবলার এবং অন্তর্বর্তীকালীন নাম হিসাবে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বরাদ্দ করে কমিশন। পাশাপাশি ঋতব্রত তৃণমূল লড়বে খাম চিহ্নে এবং তাদের দলের নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। যদিও নন্দীগ্রাম থেকে মমতার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। শুধুমাত্র রেজিনগরেই লড়বেন মমতা। তবে কমিশনের এই সিদ্ধান্তে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, গণতন্ত্রের ইতিহাসে এটি একটি কালো দিন।
আরও পড়ুন: এক মাসও ঢোকেনি অন্নপূর্ণা যোজনা, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী মহিলাদের
সাংবাদিক বৈঠক করে এদিন তৃণমূল সুপ্রিমো জানান, “আমাদের আগে উদ্ভব ঠাকরের দলের প্রতীক কেড়েছে। এনসিপি-কে ভেঙেছে। আর এবার আমাদের। রাজ্য রাজনীতিতে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক, অসাংবিধানিক এবং গণতন্ত্র বিরোধী।” এমনকি তার পরপরই প্রতীক ফ্রিজ ইস্যু নিয়ে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার হয়ে শুনানির আর্জি জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। তবে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সমস্ত পক্ষকে জানানোর পরই দ্রুত শুনানির চেষ্টা করা হবে।